খোঁজ নেই শাহিদ মিয়ার। তিন মাস ধরে নিখোঁজ। গুম না খুন এমন প্রশ্নের ঘুরপাক। বেঁচে আছে না মরে গেছে। মারা গেলেও লাশ দেখতে চান শাহিদের বড় ভাই মোসলেম উদ্দিন। গতকাল তিনি রংপুর প্রেস ক্লাবের সামনে এসে ভাইয়ের খোঁজ চান। অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর নগরীর নুরপুর এলাকার সবিল উদ্দিনের ছেলে শাহিদ চলতি বছরের ৭ই জানুয়ারি নিখোঁজ হন। খোঁজ না পেয়ে ১৫ই জানুয়ারি রংপুর কোতোয়ালি থানায় জিডি করেন তার ভাই শাহিন। জিডিতে উল্লেখ করা হয়, নগরীর নুরপুর এলাকার রাস্তার মোড়ের পাশে নিজের অজান্তে হারিয়ে যায় শাহিদ। এদিকে অনুসন্ধানে জানা যায়, পারিবারিক সম্পত্তিকে ঘিরে বিরোধ ছিল। সবিল উদ্দিনের ছয় পুত্র ও দুই কন্যার মধ্যে শাহিদ ছিল ছোট। নিখোঁজ শাহিদের নিজ নামীয় সম্পত্তিকে ঘিরে পারিবারিক বিরোধের সৃষ্টিকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর। এমনও অভিযোগ উঠেছে, বিষয়টি পুলিশকে জানানো সত্ত্বেও রহস্যজনকভাবে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ সময় অন্যান্যরা দাবি করে বলেন, সুষ্ঠু তদন্ত হলে নিখোঁজের প্রকৃত রহস্য বেরিয়ে আসবে। এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় যোগাযোগ করা হলে তারা জানায়, নিখোঁজের মানসিক সমস্যা উল্লেখ করে জিডি হয়েছে।
খোঁজ নেই শাহিদ মিয়ার, গুম না খুন, সুষ্ঠু তদন্তের দাবি
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
