চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে গিয়ে ইটভাটার শ্রমিক নিখোঁজ

ফন্ট সাইজ:

চরফ্যাশনে মায়া নদীতে গোসল করতে নেমে আলমগীর (৩৫) নামে এক ইটভাটার শ্রমিক নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তিনি শরীয়তপুর জেলার ঘোষেরহাট থানার কৈলছুরি পাতার চর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা ও আবদুর রহমান খাঁর ছেলে। জানা যায়, শুক্রবার সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানাধীন এওয়াজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মেসার্স ফাহিম ব্রিকসের দক্ষিণ পাশে অবস্থিত মায়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আলমগীর। তিনি গত বছর ডিসেম্বর মাসে শরীয়তপুর এলাকার আব্বাস ও হযরত আলীর নেতৃত্বে কাজের উদ্দেশ্যে এখানে আসেন। নিখোঁজ শ্রমিকের সহকর্মী মোশারফ হোসেন জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালে তারা নদীতে গোসল করতে যান। একপর্যায়ে আলমগীরকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে নদীর তীরে তার ব্যবহৃত লুঙ্গি, ব্রাশ ও জুতা দেখতে পেয়ে সন্দেহের সৃষ্টি হয়। তিনি আরও জানান, আলমগীর দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তিনি পানিতে তলিয়ে যেতে পারেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে এবং বরিশাল থেকে ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়েছে। ফাহিম ব্রিকসের ম্যানেজার আব্বাস উদ্দিন জানান, সকাল সাড়ে ৭টা থেকে আলমগীর নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুর রহমান জানান, ফায়ার সার্ভিস ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ডুবুরি দলকে খবর দেয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে পুনরায় উদ্ধার অভিযান জোরদার করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন