নবাবগঞ্জে ফোনে ডেকে নিয়ে যুবককে হত্যা, ইউপি সদস্য আটক

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ফোনে ডেকে নিয়ে কামরুল ইসলাম মিঠুন (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনা আগলা ৬নং ওয়ার্ড সদস্য মো. নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত মিঠুন ছাতিয়া গ্রামের কিম্মত আলীর ছেলে। নিহতের বোন ইয়াসমিন অভিযোগ করে বলেন- গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্থানীয় বিপ্লব নামে এক যুবক তার ভাইকে ফোন দিয়ে ডেকে নিয়ে যায়। এরপর কুপিয়ে ও পিটিয়ে আহত করে চূড়াইন চকে ফেলে রাখে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকা নেয়া পথে তার মৃত্যু হয়। মিঠুনের বড় ভাই আকতার বলেন- ১৫/১৬ দিন আগে তাদের গরু স্থানীয় হান্নান ও বোরহানদের জমির ঘাস খেয়ে ফেলেছিল। এ নিয়ে মারামারি হওয়ার পর ওরা আমাদের নামে অভিযোগ করেছে। সে ঘটনার জেরে আমার ভাইকে নান্নু মেম্বারের নেতৃত্বে হত্যা করেছে হান্নান, বোরহান ও তাদের সহযোগীরা। এলাকাবাসী জানান, হান্নান ও বোরহানদের পাশাপাশি স্থানীয় ডলি মেম্বারের সঙ্গেও ঝামেলা ছিল মিঠুনের। গত মাসে ডলি মেম্বারের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়। সে মামলায় তিন নম্বর আসামি ছিলেন মিঠুন। নবাবগঞ্জ থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় ইউপি সদস্যকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন