শতভাগ জয় দিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

নারী ফুটবল লীগ

শতভাগ জয় দিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

ফন্ট সাইজ:

ঘরোয়া ফুটবলে গত কয়েক বছর একচ্ছত্র আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের। এবারের আসরে দল গড়েনি তারা। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি দলে এবার ছিলেন না অভিজ্ঞ খেলোয়াড়রা। ছিল না চেনা দাপটও। তবে তারকাসমৃদ্ধ দল গড়ে সুফল ঘরে তুলেছে রাজশাহী স্টারস। এবারের নারী ফুটবল লীগে শিরোপা কুড়ালো আসরের নবাগত দলটি। গতকাল কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অঘোষিত ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে রাজশাহীর মেয়েরা। ১০ ম্যাচের সবক’টিতে জিতে ৩০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করলো তারা। অন্যদিকে ২৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলো সেনাবাহিনীকে।
লীগের শেষ রাউন্ডের এই লড়াইটি শিরোপা নির্ধারণী ম্যাচে রূপ নেয়। চ্যাম্পিয়ন হওয়ার জন্য রাজশাহীর প্রয়োজন ছিল মাত্র ১ পয়েন্ট, আর স্বপ্ন জিইয়ে রাখতে সেনাবাহিনীর সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। তবে মাঠের লড়াইয়ে সেনাবাহিনীর সব প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে নবাগত রাজশাহী। সেনাবাহিনী ম্যাচটি জিততে পারলে দুই দলেরই সংগ্রহ দাঁড়াতো ২৭ পয়েন্টে। সেক্ষেত্রে শিরোপা নির্ধারণ হতো প্লে-অফ ম্যাচে। গতকাল ম্যাচের প্রথমার্ধে সেনাবাহিনী দারুণ ফুটবল উপহার দেয়। মাঝমাঠ দখলে রেখে রাজশাহীর ফর্মে থাকা ফরোয়ার্ড আলপি আক্তারকে আটকে রাখে। বিরতির আগে সেনাবাহিনীর তনিমা বিশ্বাস রাজশাহীর গোলরক্ষক রুপনাকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি। তবে বিরতির পর দৃশ্যপট পাল্টে যায়। আক্রমণের গতি বাড়িয়ে দেয় রাজশাহী। ম্যাচের শুরুতেই সৌরভী আকন্দের পাস থেকে আলতো টোকায় ডেডলক ভাঙেন আলপি আক্তার। ৫৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন শাহেদা আক্তার। ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে দর্শনীয় এক শটে জাল কাঁপান এই ফরোয়ার্ড। আর ম্যাচের ৮৮ মিনিটে রাজশাহীর পক্ষে তৃতীয় গোলটি করেন জাতীয় দলের তারকা ঋতুপর্ণা । এ গোলেই পরই রাজশাহীর জয় ভাগ্য নিশ্চিত হয়ে যায়।
২০১১-১২ মৌসুমে আয়োজিত প্রথম আসরে ঢাকা মোহামেডানকে হারিয়ে শিরোপা উৎসব করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পরের বছরই মোহামেডানকে আবারও রানার্সআপের হতাশায় ডুবিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা আবাহনী। দীর্ঘ বিরতির পর ২০১৯-২০ মৌসুমে লীগ পুনরায় শুরু হলে আধিপত্য বিস্তার করে বসুন্ধরা কিংস। টানা তিন আসরে (২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২) তারা অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৩-২৪ মৌসুমে বসুন্ধরা কিংসের রাজত্বের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় নাসরিন স্পোর্টিং ক্লাব।
দেড় বছর পর মাঠে গড়ানো নারী লীগ নিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই ছিল বেশি। মাঠের অব্যবস্থাপনা থেকে শুরু করে সূচি বিতর্ক-সবকিছুই ছিল তুঙ্গে। এর মাঝেই ১১ দলের লড়াইয়ে নবাগত রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব আলো ছড়িয়েছে। গতবারের চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি এবার ১০ ম্যাচের মাত্র একটিতে জয় পেয়ে তলানিতে থেকে লীগ শেষ করে।

রোল অব অনার: নারী ফুটবল লীগ
সংস্করণ মৌসুম চ্যাম্পিয়ন রানার্সআপ
১ম ২০১১-১২ শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ঢাকা মোহামেডান
২য় ২০১২-১৩ ঢাকা আবাহনী ঢাকা মোহামেডান
৩য় ২০১৯-২০ বসুন্ধরা কিংস নাসরিন স্পোর্টিং ক্লাব
৪র্থ ২০২০-২১ বসুন্ধরা কিংস এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব
৫ম ২০২১-২২ বসুন্ধরা কিংস এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব
৬ষ্ঠ ২০২৩-২৪ নাসরিন স্পোর্টস একাডেমি এআরবি কলেজ স্পোর্টিং ক্লাব
৭ম ২০২৫-২৬ রাজশাহী স্টারস বাংলাদেশ সেনাবাহিনী


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন