লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জে ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে বাড়ির পাশের একটি ফসলি মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। এ সময় তার ডান চোখ উপড়ে ফেলা অবস্থায় ছিল। পরিবারের দাবি, পাওনা টাকা দিবে বলে এক ব্যক্তি তাকে গভীর রাতে মোবাইলে ডেকে নেয়। সকালে তার মৃতদেহ পাওয়া যায়। তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। নিহত ফরহাদ সদর উপজেলার পূর্ব চরমনসা গ্রামের মো. দিদার হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন। ফরহাদের স্ত্রী নার্গিস বেগম জানান, পাওনা টাকা দিবে বলে গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে একজন তাকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন ভোরবেলা ফোনে কল দিলে বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির এক কিলোমিটার দূরে ফসলি ক্ষেতে তার মৃতদেহ পড়ে থাকার খবর পান তিনি। টাকা লেনদেনকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আমিনুল বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড হিসেবে ধারণা করা হচ্ছে।
পাওনা টাকা দেয়ার কথা বলে অটোরিকশাচালককে ডেকে নিয়ে হত্যা
লক্ষ্মীপুর প্রতিনিধি
১১ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
