মাঠে তখন অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গগণবিদারী উল্লাস। কিন্তু সেই আনন্দ ছাপিয়ে রাজশাহী স্টারসের ডিফেন্ডার ও জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকারের চোখ তখন সুদূর অস্ট্রেলিয়ায়। মার্চে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এএফসি নারী এশিয়ান কাপে চীন ও উত্তর কোরিয়ার মতো হেভিওয়েট দলগুলোর বিপক্ষে লড়াইয়ের আগে সদ্য সমাপ্ত নারী লীগকে ‘প্রস্তুতি মঞ্চ’ হিসেবে দেখছেন তিনি। আফঈদা বলেন, ‘যেহেতু এশিয়া কাপের খেলা আছে, আমরা খেলার ভেতরে থাকতে পেরেছি, গেম টাইম পেয়েছি। ফলে ম্যাচগুলো থেকে আমাদের ভুলগুলো শিখতে পারবো। এখানে যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি হতে পারবো।’ লীগ শেষ হতে না হতেই পিটার বাটলারের অধীনে জাতীয় দলের প্রস্তুতিতে মন দিতে হচ্ছে মেয়েদের। ১লা মার্চ থেকে ২১শে মার্চ পর্যন্ত অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে নারী এশিয়ান কাপের ২১তম আসর। ১২ দলের টুর্নামেন্টে ৩ গ্রুপে থাকা চারটি করে দল লড়বে নকআউটের জন্য। তিন গ্রুপের সেরা দুটি করে মোট ছয় দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে খেলার। অনেক সুযোগের হাতছানি নিয়ে এশিয়ার কাপের মঞ্চে প্রথমবার খেলবে বাংলাদেশের মেয়েরা। যেখানে লাল-সবুজদের প্রতিপক্ষ ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও ৩ বারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান। এ দলগুলোর বিপক্ষে ভালো করতে কঠোর পরিশ্রমের বার্তা দিলে বাংলাদেশ অধিনায়ক। আফঈদা বলেন, ‘ওদের পর্যায়ে যেতে গেলে আমাদের আরও কত কঠোর পরিশ্রম করতে হবে। অবশ্যই চেষ্টা করবো ওদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার। আর উপরওয়ালা তো আছেই।’ গতকাল নারী লীগের শেষ রাউন্ডের ম্যাচে সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই হতো রাজশাহীর। কিন্তু কোচ মাহমুদা শরীফা অদিতির ডিকশনারিতে ‘ড্র’ শব্দটিই ছিল না। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনাই ছিল ‘ম্যাচ বাই ম্যাচ’ ৩ পয়েন্ট নেওয়া। ড্রয়ের কথা মাথায় আনিনি। ড্র করার কোনো চিন্তাও ছিল না আমাদের।’ রাজশাহী অধিনায়ক শিউলি আজিম সেনাবাহিনীর সামর্থ্যকে সমীহ করেই মাঠে নেমেছিলেন। ম্যাচ শেষ তিনি বলেন, ‘ফরাশগঞ্জ ও সেনাবাহিনী ছিল কঠিন প্রতিপক্ষ। ফুটবল আনপ্রেডিক্টেবল, যে কেউ রুখে দিতে পারতো। এবার জাতীয় দলের খেলোয়াড়রা ৪-৫টি দলে ভাগ হয়ে যাওয়ায় প্রতিটা ম্যাচেই লড়াই হয়েছে, খেলা একপাক্ষিক হয়নি।’একই সুর ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমার। তিনি বলেন, ‘অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া সহজ ছিল না। গত আসরের চেয়ে এটি অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। ক্লাবের লক্ষ্য পূরণ করতে পেরে
আমরা খুশি।’
শিরোপা হাতে আফঈদার চোখ অস্ট্রেলিয়ায়
স্পোর্টস রিপোর্টার
১৪ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
