বাংলাদেশে দায়িত্বপালন করা ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে ঢাকা থেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে নয়াদিল্লি। তাকে নতুন দেশে দায়িত্ব দেয়ার কথা জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, প্রণয় ভার্মা বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। শিঘ্রই তিনি নতুন জায়গায় যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
প্রণয় ভার্মা ২০২২ সালের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের ১৮তম হাইকমিশনার হিসেবে যোগ দেন। নতুন দায়িত্ব অনুযায়ী ব্রাসেলসে ভারতের রাষ্ট্রদূত সৌরভ কুমারের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রণয়। ঢাকা থেকে তার স্থানান্তরে বাস্তবিক অর্থেই এই পদটি খালি হয়ে যাচ্ছে। সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র বলছে, ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিয়োগ দেয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রণয় ভার্মা ১৯৯৪ সালে ভারতীয় ফরেন সার্ভিসে যোগ দেয়ার পর থেকে অন্তত ৮টি দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকার আগে তিনি ভিয়েতনামের ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া প্রণয় পেশাগত জীবনে হংকং, সান ফ্রান্সিসকো, বেইজিং, কাঠমান্ডু, ওয়াশিংটন ডিসি ও হ্যানয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন।
