দুর্নীতির দায়ে ফের বিচারের মুখোমুখি হচ্ছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৃহস্পতিবার দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী রোববার থেকে তার বিচারকার্য পুনরায় শুরু হবে। বেশ কয়েক বছর ধরেই দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিচার চলছিল। তবে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশে জরুরি অবস্থা জারি করায় বিচারিক কার্যক্রম এতদিন স্থগিত ছিল। যুদ্ধবিরতি শুরু হয় মঙ্গলবার রাতে। এরপরই জরুরি অবস্থা তুলে নেয়া হয়।
কার্যক্রম স্বাভাবিক হলেই এই মামালার শুনানি শুরু হবে। এক্ষেত্রে আগামী রোববার ও মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছে আদালত। যুদ্ধবিরতির শর্তে লেবাননের কথা থাকলেও তা অস্বীকার করছেন নেতানিয়াহু। তার বাহিনী বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে। এতে কয়েকশ মানুষ নিহত হয়েছেন।
নেতানিয়াহুর বিরুদ্ধে ২০১৯ সালে ঘুষ প্রদান, প্রতারণা, বিশ্বাস ভঙ্গসহ একাধিক অপরাধে মামলা হয়। ২০২০ সালে শুরু হওয়া এই মামলা দীর্ঘদিন তদন্তাধীন ছিলো। নেতানিয়াহুর কার্যালয় বারবার তারিখ পিছিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে নেতানিয়াহুকে সাধারণ ক্ষমার দাবি জানান। হারজগের কার্যালয় জানান বিচার চলাকালীন ক্ষমা ঘোষণার কোন সুযোগ নেই।
সূত্র: রয়টার্স
