বৃটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে সামরিক পদক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন তিনি।
মধ্যপ্রাচ্য সফরকালে স্টারমার বলেন, তিনি ট্রাম্পের সঙ্গে একদিন আগে ফোনে কথা বলেন, যেখানে মূল গুরুত্ব ছিল প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার বাস্তব পরিকল্পনা।
স্টারমার বলেন, আমরা বিভিন্ন দেশকে নিয়ে একটি জোট গঠনের চেষ্টা করছি যেখানে রাজনৈতিক ও কূটনৈতিক পরিকল্পনার পাশাপাশি সামরিক সক্ষমতা এবং কীভাবে বাস্তবে জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে পার করা যায়- সেসব বিষয়েও কাজ চলছে।
তিনি আরও জানান, সাম্প্রতিক আলোচনায় মূলত এই বাস্তব পরিকল্পনাই গুরুত্ব পেয়েছে। বৃহস্পতিবার রাতের আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এখানে (মধ্যপ্রাচ্যে) আমি যেসব আলোচনা করছি তার প্রতিফলন, পাশাপাশি প্রণালি দিয়ে নৌচলাচল নিশ্চিত করার একটি কার্যকর পরিকল্পনা।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের এই উদ্যোগ মূলত আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ সচল রাখতে একটি যৌথ কৌশল তৈরির অংশ। তবে এতে সামরিক বিকল্প বিবেচনার বিষয়টি অঞ্চলটির উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও আশঙ্কা রয়েছে।
