টি-টোয়েন্টিতে ৩ হাজার ডট বল মোস্তাফিজের

টি-টোয়েন্টিতে ৩ হাজার ডট বল মোস্তাফিজের

ফন্ট সাইজ:

ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের সপ্তম ওভারে ডেভন কনওয়েকে করা চতুর্থ বলটি ডট দেয়ার মাধ্যমেই ইতিহাসের পাতায় নাম লেখান মোস্তাফিজ। বর্তমানে তার মোট ডট বলের সংখ্যা ৩০০২। এর মাধ্যমে বিশ্বের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩ হাজার ডট বলের এলিট ক্লাবে প্রবেশ করলেন দ্য ফিজ। তালিকাৎ প্রথম চার বোলার যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো (৩৬৮১), পাকিস্তানের মোহাম্মদ আমির (৩৩৪৮), ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল (৩২১৩) ও আরেক পাকিস্তান পেসার সোহেল তানভীর (৩০৪৬)।

এ তালিকায় মোস্তাফিজের চূড়ায় উঠে যাওয়া সময়ের ব্যাপার। তার উপরে থাকা বোলারদের অধিকাংশই ক্যারিয়ার শেষ অথবা সায়াহ্নে। ডোয়াইন ব্রাভো ও সোহেল তানভীর এখন আর নিয়মিত ক্রিকেটে নেই। অন্যদিকে, ৩১ ছুঁইছুঁই মোস্তাফিজ এখনও ছুটে চলছেন আপন গতিতে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লীগগুলোতে তার নিয়মিত উপস্থিতিতে ধারণা করাই যায় যে, দ্রুতই এ তালিকার চূড়ায় আরোহণ করবেন তিনি।

এর আগে গত বছর অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে টিম সাউদিকে (১১৪২টি ডট বল) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হন তিনি। এখন ঘরোয়া ও আন্তর্জাতিক সব মিলিয়ে ফিজের এই অর্জন তার টি-টোয়েন্টি স্পেশালিস্ট তকমাকেই আরও একবার জোরালো করল।

তবে মোস্তাফিজের বিশেষ দিনটিতে জয়ের দেখা পায়নি লাহোর। আগে ব্যাটিংয়ে নেমে স্রেফ ১০০ রানেই গুটিয়ে যায় তারা। রান তাড়ায় ১০.২ বলেই ৯ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ইসলামাবাদ। পরবর্তী ম্যাচে আগামীকাল পেশোয়ার জালমির বিপক্ষে নামবে মোস্তাফিজরা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন