আবাহনী-মোহামেডান দ্বৈরথে নজর অন্যদেরও

বাংলাদেশ ফুটবল লীগ

আবাহনী-মোহামেডান দ্বৈরথে নজর অন্যদেরও

ফন্ট সাইজ:

প্রায় একমাস পর আবারো শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ (বিএফএল)। এদিন মাঠে গড়াবে তিনটি ম্যাচ। ধর্মসাগর জলাশয় ঘেষা কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মাঠে নামবে দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। মানিকগঞ্জের শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ফকিরেরপুল ইয়াংম্যান্সের বিপক্ষে। আর শহীদ বরকত স্টেডিয়ামে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দ্বাদশ রাউন্ডের তিনটি ম্যাচই শুরু বিকাল সাড়ে ৩টায়।
বাংলাদেশ ফুটবল লীগের একাদশ রাউন্ড শেষে ১৯ পয়েন্ট আবাহনীর। টেবিল টপার বসুন্ধরা কিংস থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে আকাশী-নীলরা। লীগ শিরোপা জয়ের দৌড়ে এখনো টিকে আছে আবাহনী। শেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় ও দুটিতে ড্র করেছে তারা। ফর্ম পক্ষে কথা বললেও লীগের প্রথম দেখায় মোহামেডানের কাছে ৩-২ গোলে হেরেছিল মারুফুল হকের শিষ্যরা। আজ সাদা-কালোদের বিপক্ষে সেই হারের প্রতিশোধ নেয়ার সুযোগ আবাহনীর। ম্যাচ জিতলে ফর্টিস এফসিকে সরিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠে আসবে পেশাদার লীগে ছয়বারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহামেডানের লক্ষ্য আবাহনীকে হারিয়ে ফর্মে ফেরা। শেষ পাঁচ ম্যাচের একটিতেও জয়ের দেখা পায়নি মোহামেডান। ১১ ম্যাচে ২ জয়ে লীগ টেবিলের ছয়ে অবস্থান করছে ক্লাবটি। এই ম্যাচে আবাহনীকে হারালেও পয়েন্ট টেবিলে একই স্থানে থাকবে সাদা-কালোরা।
দুইয়ে ওঠার হাতছানি রহমতগঞ্জের
দ্বাদশ রাউন্ডের আগে লীগ টেবিলের তলানীতে থাকা পিডব্লিউডির বিপক্ষে দাপট দেখানোর সুযোগ ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে থাকা রহমতগঞ্জের। এই ম্যাচ জিতলে দুইয়ে আসার সম্ভাবনা রয়েছে দলটির। পিডব্লিউডিকে হারালে রহমতগঞ্জের পয়েন্ট হবে ২৪। আর আবাহনী যদি মোহামেডানের সঙ্গে ড্র করে তবে তাদের পয়েন্ট হবে ২০। আর হারলে তো কথাই নেই। সেক্ষেত্রে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠে আসবে রহমতগঞ্জ। প্রথম দেখায় পিডব্লিউডিকে ২-১ গোলে হারিয়েছিল তারা। লীগে ফর্ম ধরে রাখার সুযোগ ব্রাদার্স ইউনিয়নের। গেল মৌসুমে দুই দেখায় ব্রাদার্সের কাছে হারে ফকিরেরপুল। এবারের মৌসুমের প্রথম দেখাতেও ব্রাদার্সের কাছে ২-০ গোলে পরাজিত হয় মতিঝিল পাড়ার ক্লাবটিকে। দ্বিতীয় দেখাতেও দাপট ধরে রাখতে চাইবে ব্রাদার্স। তবে দুই দলেরই লীগ শিরোপা জেতার আশা ক্ষীণ। ১১ রাউন্ড শেষে ব্রাদার্স ও ফকিরেরপুলের সংগ্রহ সমান ১০ পয়েন্ট । গোল পার্থক্যে এগিয়ে পয়েন্ট টেবিলের সাতে ব্রাদার্স আর আটে ফকিরেরপুল ইয়ংম্যান্স ক্লাব। মোহামেডান যদি আবাহনীর কাছে হারে, তবে এই দুই দলের মধ্যে বিজয়ী দল পয়েন্ট তালিকায় এগুবে। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে সবার নিচে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাব।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন