নারী এশিয়ান গেমস হকি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ

ফন্ট সাইজ:

হকিতে কখনোই মেয়েদের জাতীয় দল গড়া হয়নি। বয়সভিত্তিক পর্যায়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতাই সম্বল। দীর্ঘদিনের এই অপেক্ষার অবসান হতে চলেছে। আগামী ২৩-২৯শে এপ্রিল ইন্দোনেশিয়ার জাকার্তায় হতে যাওয়া উইমেন্স এশিয়ান গেমস হকি বাছাইপর্বে খেলবে বাংলাদেশ। উদ্বোধনী দিনে চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হবে বাংলাদেশ জাতীয় নারী হকি দলের। সেই ঐতিহাসিক মুহূর্তের প্রহর গুণে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিবিড় অনুশীলনে ব্যস্ত মেয়েরা।
এশিয়ান গেমসে দল পাঠানোর দায়িত্বে থাকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। খরচ বিবেচনায় শুরুতে ছেলেদের বাছাইপর্বে অংশগ্রহণ নিশ্চিত করলেও মেয়েদের পাঠানোর পরিকল্পনা থেকে সরে আসে বাংলাদেশ হকি ফেডারেশন। পরে বিওএ এর শর্তে রাজি হয়ে দল পাঠাতে সম্মত হয় বাহফে। শর্ত হচ্ছে, বাছাইয়ের খরচ ফেডারেশন বহন করবে এবং কোয়ালিফাই করলে এশিয়ান গেমসে দল পাঠাবে বিওএ। বাছাইপর্বের জন্য শক্তিশালী দল গঠন করতে আড়াইমাস ধরে বিকেএসপিতে মেয়েদের অনুশীলন ক্যাম্প করাচ্ছে ফেডারেশন। কোচ জাহিদ হোসেন রাজুর নেতৃত্বে ১লা ফেব্রুয়ারি থেকে সেই ক্যাম্প শুরু হয়। যা এখনো চলমান। এই ক্যাম্পে বিকেএসপির বাহিরে থেকে ডাক পান অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টে দারুণ খেলা কিছু মেয়ে।


প্রস্তুতির ব্যাপারে ফেডারেশনের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান বলেন, ‘রাজু ও রিতুর অধীনে ১লা ফেব্রুয়ারি থেকে ক্যাম্প শুরু হয়। আশার আলো টুর্নামেন্ট থেকে ১১ জনকে ক্যাম্পে ডাকা হয়। প্রথম ৩০ জনের মধ্যে ৭ জন সুযোগ পায়। এরপর ২৬ জন নিয়ে ট্রেনিং হয়। সেখান থেকে ১৮ সদস্যের দল চূড়ান্ত করা হয়েছে।’
বাংলাদেশ নারী হকি দল বাছাইপর্ব খেলতে ১৯ কিংবা ২০ এপ্রিল জাকার্তার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে। বাছাইপর্বে ৮ দল অংশ নেবে। সেখান থেকে এশিয়ান গেমসে কোয়ালিফাই করবে চার দল। বাংলাদেশ আছে ‘এ’ গ্রুপে। প্রতিপক্ষ চাইনিজ তাইপে, হংকং ও উজবেকিস্তান। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে- ইন্দোনেশিয়া, কাজাখস্তান, সিঙ্গাপুর ও শ্রীলংকা।
২৩শে এপ্রিল চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক হকিতে অভিষেক হবে বাংলাদেশের । এরপর ২৪শে এপ্রিল উজবেকিস্তান ও ২৬শে এপ্রিল হংকংয়ের বিপক্ষে খেলবে লাল-সবুজ মেয়েরা। আগামী ১৯শে সেপ্টেম্বর থেকে ৪ঠা অক্টোবর জাপানের নাগোয়াতে নারী এশিয়ান গেমস হকির মূলপর্ব অনুষ্ঠিত হবে।
১৮ সদস্যের চূড়ান্ত নারী দল:
অর্পিতা পাল, হিমাদ্রি বড়ুয়া সুখ, নীলাদ্রি বড়ুয়া নীল, রিয়াশা আক্তার ঋষি, নিনিশেন রাখাইন, তন্নি খাতুন, ধানুচিং মারমা, শারিকা সাফা রিমন, ফাতেমা তুজ-জোহরা, আইরিন আক্তার রিয়া, নাদিরা তালুকদার এমা, কনা আক্তার, জাকিয়া আফরোজ লিমা, মহুয়া, সানজিদা আক্তার মনি, রিতু আক্তার, ফারদিয়া আক্তার রাত্রি ও নাদিরা।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন