সিলেটে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মারা গেছে দুই শিশু। গতকাল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশু আরিশার বয়স পাঁচ মাস ২১ দিন। আরিশা সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জের বাসিন্দা। সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ই এপ্রিল নগরীর শহীদ শামসুদ্দীন হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হওয়ায় ওসমানীর আইসিইউতে নেয়া হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়। এদিকে এর আগে গত ৬ই এপ্রিল সিলেটে হাম আক্রান্ত দুই মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই শিশু। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, ২০২৬ সালের ১লা জানুয়ারি থেকে ৬ই এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ৩৯ জনের শরীরে হামে অস্তিত্ব মিলেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সিলেটে হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
