মহানগরের গাছা এলাকায় কৃষক দল নেতা ও নির্মাণ ঠিকাদার মো. ওয়াশিমের ওপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত ওয়াশিমের একটি পা কেটে ফেলতে হয়েছে এবং অপর পা ভেঙে গেছে। এ ঘটনায় গাজীপুর মহানগর ছাত্রদল নেতা এস এম মোমিনুর রহমান মমিনকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর স্ত্রী মোসা. মুন্নী আক্তার জানান, ছাত্রদল নেতা মমিনের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল গত ২৩শে ফেব্রুয়ারি ওয়াশিমের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে তারা ধারালো অস্ত্র, লোহার রড ও হাতুড়ি দিয়ে তার ওপর হামলা চালায়। এতে ওয়াশিম গুরুতর আহত হন। হাসপাতালে ভর্তির পর তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলতে হয়েছে এবং বাম পা ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। এ ছাড়া, শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে তাকে প্রায় অচল করে দেয়া হয়েছে।
মুন্নী আক্তার অভিযোগ করেন, ঘটনার পর একাধিকবার থানায় মামলা করতে গেলেও তা গ্রহণ করা হয়নি। পরে গত বুধবার গাজীপুর আদালতে আবেদন করলে আদালত গাছা থানাকে অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও তিনি জানান। ওদিকে, আসামিরা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আহত ওয়াশিম জানান, তিনি বিভিন্ন নির্মাণসাইটে ইট-বালুসহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করতেন। এ কারণে কাজ বেশি পাওয়ায় মমিন তার কাছে সরবরাহকৃত মালের লাভের একটি অংশ দাবি করেন। পাশাপাশি এককালীন ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এতে রাজি না হওয়ায় তাকে ডেকে নিয়ে হত্যাচেষ্টা চালানো হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা এস এম মোমিনুর রহমান মমিন বলেন, ওয়াশিম একজন মাদক কারবারি। মাদক কারবারিদের অভ্যন্তরীণ বিরোধের জেরে সংঘর্ষে সে আহত হয়েছে। এ ঘটনায় আমার কোনো সম্পৃক্ততা নেই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।
কৃষক দল নেতার পা ভেঙে দিলেন ছাত্রদল নেতা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
১০ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
