হবিগঞ্জের লাখাই উপজেলায় সারা দেশের মতোই বাড়তে শুরু করেছে হাম রোগীর সংখ্যা। ইতিমধ্যে কয়েকজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। খোঁজ নিয়ে জানা যায়, এ পর্যন্ত মোট ৬ জন হাম রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন। সরজমিন লাখাই ৫০ শয্যা হাসপাতালে গিয়ে দেখা যায়, ধারণক্ষমতার তুলনায় রোগীর চাপ বেশি। হাসপাতালে ৫০ শয্যার বিপরীতে মোট ৫৭ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে নারী ২৫ জন, পুরুষ ১৩ জন, গর্ভবতী ২ জন এবং শিশু রোগী ১৭ জন। ভর্তি রোগীদের মধ্যে ৫ জন হাম আক্রান্ত। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনরা জানান- চিকিৎসাসেবা সন্তোষজনক হলেও বেড সংকটের কারণে অনেককে ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মোক্তাদির জানান- হাম রোগীদের জন্য আলাদা আইসোলেশন কর্নার চালু করা হয়েছে। আক্রান্তদের নিরাপদে চিকিৎসা দিতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন- নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস বয়সে প্রথম ডোজ এবং ১৫ মাসে দ্বিতীয় ডোজ প্রদান করা হচ্ছে। তিনি জানান, গত শনিবার ৩৫০ ডোজ টিকা ও ৩৫০টি ভিটামিন ক্যাপসুল পাওয়া গেছে এবং শিগগিরই আরও টিকা সরবরাহ করা হবে।
লাখাইয়ে বাড়তে শুরু করেছে হাম রোগীর সংখ্যা
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
৮ এপ্রিল (বুধবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
