কনটেন্ট ক্রিয়েটর ফাহিম কারাগারে, অর্থ লেনদেনে বরখাস্ত পুলিশ

ফন্ট সাইজ:

বৈষম্যবিরোধী আন্দোলনে মাসুদ হোসাইনকে হত্যাচেষ্টা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। একইসঙ্গে আদালত প্রাঙ্গণে অর্থ লেনদেনের অভিযোগে এক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, আসামি ফাহিমকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মমিনুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন আবেদনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশি পাহারায় তাকে হাজতখানায় নেয়া হয়।
এদিকে আদালত প্রাঙ্গণে পুলিশ সদস্য মীর মোশাররফ হোসেন ও ফাহিমের আইনজীবীর মধ্যে অর্থ লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত পুলিশ সদস্যকে তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে মীর মোশাররফ হোসেন দাবি করেছেন, ঘটনাটি ‘ভুলভাবে উপস্থাপন’ করা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, একজন আইনজীবী পুলিশ সদস্যের পকেটে টাকা দেয়ার একটি ভিডিও পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মেলায় আইন অনুযায়ী সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ২৯শে মার্চ বিকালে রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করে জনতা ও কিছু শিক্ষার্থী। পরে তাকে শাহ আলী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেখান থেকে তাকে গুলশান থানায় নেয়া হয়। পরদিন (৩০শে মার্চ) গুলশান থানায় দায়ের করা মো. ইমরান হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছিল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন