ফর্ম নিয়ে সাময়িক গুঞ্জন থাকলেও এফএ কাপের কোয়ার্টার ফাইনালে চিরচেনা বিধ্বংসী রূপে ফিরলেন আর্লিং ব্রুট হালান্দ। এ নরয়েজিয়ান তারকার হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনাল নিশ্চিত করলো ম্যানচেস্টার সিটি। এ জয়ের মধ্য দিয়ে টানা অষ্টমবার এফএ কাপের শেষ চারে ওঠার নতুন রেকর্ড গড়লো সিটিজেনরা।
ম্যাচের শুরু থেকেই অলরেডদের রক্ষণকে ব্যস্ত রাখা হালান্দ পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন। অ্যান্টোনিও সেমেনিওর ক্রস থেকে চমৎকার হেডে দ্বিতীয়বার জাল খুঁজে নেন তিনি। এবং শেষে ফাঁকা জালে বল জড়িয়ে নিজের দ্বাদশ হ্যাটট্রিক পূর্ণ করেন ২৫ বছর বয়সী হালান্দ। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলে তার গোলসংখ্যা হলো ৪৬টি। নিষেধাজ্ঞার কারণে এদিন ডাগআউটে থাকতে পারেননি সিটিজেনদের প্রধান কোচ পেপ গার্দিওলা। দলের অন্য গোলটি করেন সেমেনিও। পেনাল্টি থেকে লিভারপুলকে হতাশ করেন মোহাম্মদ সালাহ।
এই জয়ের মাধ্যমে ঘরের মাঠে এফএ কাপে টানা ১৮ ম্যাচ জেতার রেকর্ড গড়লো সিটি, যা ১৮৮০ সালের পর দীর্ঘতম। সামনে এখন ঘরোয়া ট্রেবল জয়ের হাতছানি। ম্যাচের পর উচ্ছ্বসিত হালান্দ টিএনটি স্পোর্টসকে বলেন, ‘এই ক্লাবটিকে বড় মঞ্চে ট্রফি জিততে হবে। সিটির হয়ে হ্যাটট্রিক করার পর বেশ কিছুটা সময় কেটে গেছে। আজকের দিনটি বিশেষ, তাই আমি খুব খুশি।’
পোর্ট ভেলের জালে চেলসির গোল উৎসব
শেষ আটের আরেক ম্যাচে তৃতীয় স্তরের দল পোর্ত ভেলেকে ৭-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে চেলসি। শেষ ১০ দিনে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় এবং প্রিমিয়ার লীগে টানা হারের পর এই বড় জয় লিয়াম রোজনিওরের দলের জন্য বড় স্বস্তির। স্টামফোর্ড ব্রিজে জরেল হাতোর শুরুর পর গোল উৎসবে মাতেন জোয়াও পেদ্রো, আন্দ্রে সান্তোস, এস্তেভাও এবং আলেহান্দ্রো গারনাচো।
চেলসির সহ-অধিনায়ক এনজো ফার্নান্দেজ শৃঙ্খলাজনিত কারণে আপাতত নিষিদ্ধ আছেন। এর মধ্যেই এ জয় নিয়ে কোচ রোজনিওর বলেন, ‘কঠিন সময় পার করার পর আমরা আরও শক্তিশালী হয়ে ফিরছি। আমার বিশ্বাস, আমরা এফএ কাপ জয় এবং (আগামী মৌসুমের) চ্যাম্পিয়ন্স লীগে কোয়ালিফাই করে মৌসুমটি দারুণভাবে শেষ করতে পারব।’
আর্সেনালের যাত্রার ইতি
আরেক কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেছে আর্সেনাল। লীগ কাপের ফাইনাল হারের পর সপ্তাহ না ঘুরতেই আরও একটি শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো গানার্সদের।
ম্যাচের পর রক্ষণভাগের ভুল নিয়ে হতাশা প্রকাশ করে কোচ মিকেল আর্তেতা বলেন, ‘ফলাফল এবং বিশেষ করে যেভাবে আমরা গোল দুটি হজম করেছি, তা অত্যন্ত হতাশাজনক। আমাদের রক্ষণে এমন ভুল করলে সেমিফাইনালে ওঠা কঠিন।’ এদিকে টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকা সাউদাম্পটন ম্যানেজার টোন্ডা একার্ট জয়ের পর বলেন, ‘আজকের লড়াইটি কঠিন ছিল। আমরা জানতাম ম্যাচটি চ্যালেঞ্জিং হবে, তবে ছেলেরা দারুণভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে।’
