রিয়ালে হারের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ালো বার্সা

রিয়ালে হারের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান বাড়ালো বার্সা

ফন্ট সাইজ:

স্প্যানিশ লা লিগায় শনিবারের রাতটি ছিল রিয়াল মাদ্রিদ সমর্থকদের জন্য দুঃস্বপ্নের। একই রাতে পরম আনন্দে ভাসে বার্সেলোনা। অবনমনের শঙ্কায় থাকা মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে শিরোপা লড়াই থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় অল হোয়াইটরা। অন্যদিকে, অ্যাটলেটিকোকে মাদ্রিদকে হারিয়ে শীর্ষস্থান আরও পোক্ত করে কাতালানরা। দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে সমান ৩০ ম্যাচে ৭ পয়েন্টে এগিয়ে হান্সি ফ্লিকের শিষ্যরা।

টানা পাঁচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে আলভারো আরবেলোয়ার রিয়াল মাদ্রিদ। তবে মাঠের খেলায় তার প্রতিফলন ছিল সামান্যই। আক্রমণ ও বল আধিপত্যে অনেকটা এগিয়ে থাকলেও, মায়োর্কার মাঠে কাজের কাজটা করতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। ম্যাচজুড়ে ৬৪ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সফরকারীরা ১৫টি শটের মধ্যে লক্ষ্যে রাখে ৬টি। এদিকে, ৫টির মধ্যে ২টি শট লক্ষ্যে রেখেই বাজিমাত মায়োয়ার্কার। ৪২তম মিনিটে মানু মর্লানেসের গোলে পিছিয়ে পড়া রিয়ালকে ম্যাচে ফেরান চোট থেকে ফেরা এদের মিলিতাও। ৮৮তম মিনিটে তার করা হেডে অল হোয়াইটরা যখন ড্রয়ের আশা দেখছিল, তখনই দৃশ্যপট পাল্টে দেন কসোভোর স্ট্রাইকার ভেদাত মুরিকি। যোগ করা প্রথম মিনিটের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে এ নিয়ে শেষ ৬ ম্যাচের ৩টিতেই জিতলো মায়োর্কা।

আগামী ৭ই এপ্রিল চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। ম্যাচশেষে পরাজয়ের দায় নিজের কাঁধে নিয়ে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়দের মনোযোগ দেয়ার আহ্বান জানান আরবেলোয়া। এ স্প্যানিশ কোচ বলেন, ‘খেলোয়াড়দের কাছে চাই তারা যেন মঙ্গলবারের ম্যাচ নিয়ে এখনই ভাবতে শুরু করে। লকার রুম বেরিয়ে যাওয়া মাত্রই তাদের জন্য এই ম্যাচ শেষ। আমি চাই, খেলোয়াড়রা যাতে বিশ্বাস করে যে তারা মঙ্গলবারের ম্যাচ জিতবে। এটি চ্যাম্পিয়ন্স লীগের খুব গুরুত্বপূর্ণ লড়াই।’

রিয়ালের হারের কয়েক ঘণ্টা পরই মাদ্রিদের আরেক প্রান্তে অ্যাটলেটিকোর মুখোমুখি হয় বার্সেলোনা। চিরচেনা আক্রমণাত্মক ফুটবলে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেও, দিয়েগো সিমিওনেপুত্র জুলিয়ানো সিমিওনের গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। তবে সফরকারীদের বেশিক্ষণ অপেক্ষায় থাকতে হয়নি। মার্কাস রাশফোর্ডের দারুণ এক গোলে বিরতির আগেই সমতায় ফেরে বার্সা। মাঠে ফিরে নিকো গঞ্জালেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৯তম মিনিটে বদলি হিসেবে নামা রবার্ট লেভানদোভস্কির বুক দিয়ে করা গোলে জয় তুলে নেয় বার্সা।

এই জয়ে ৩০ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকলো বার্সা। রিয়ালের (৬৯) সঙ্গে তাদের ব্যবধান এখন স্পষ্ট ৭ পয়েন্টের। হাতে কেবল ৮টি ম্যাচ। বিশ্লেষকদের মতে, রিয়ালের এই হার লীগ শিরোপার অনেকটাই ফয়সালা করে দিয়েছে। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হবে বার্সা-অ্যাটলেটিকো। রিয়াল বসের মতো বার্সা কোচেরও দৃষ্টি সেই গুরুত্বপূর্ণ ম্যাচের দিকে। কাতালানদের জার্মান বস ফ্লিক বলেন, ‘(অ্যাটলেটিকোর) লাল কার্ডের পর আমরা ম্যাচের নিয়ন্ত্রণ নেই এবং জয় আমাদেরই প্রাপ্য ছিল। বুধবার আবারও তাদের সঙ্গে খেলবো এবং এটি খুবই কঠিন হবে। আমাদের খেলাটাই খেলতে হবে, সম্পূর্ণ উজাড় করে দিতে হবে এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন