অবশেষে বাংলাদেশ ফুটবলে শেষ হতে যাচ্ছে হাভিয়ের কাবরেরা অধ্যায়। ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে চুক্তি আছে তার। কাবরেরার সঙ্গে নতুন চুক্তি আর করছে না বাফুফে। আর জামাল-তপুদের দায়িত্বে দেখা যাবে না তাকে। তার অধীনে শেষ ম্যাচটা বাংলাদেশ খেলেছে ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। গতকাল জাতীয় দল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ১লা মে থেকে নতুন প্রধান কোচ নিয়োগের জন্য সাক্ষাৎকার প্রক্রিয়া শুরু করবে বাফুফে। সেখানে সাক্ষাৎকার দেয়ার সুযোগ আছে কাবরেরারও। বাফুফে ভবনে সাংবাদিকদের বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু বলেন, ‘আজ (গতকাল) থেকেই আমরা কোচ দেখা শুরু করে দিয়েছি।’ সিঙ্গাপুর সফর শেষ করে দলের সঙ্গে ঢাকায় ফিরলেও গত শুক্রবার নিজ দেশ স্পেনে ফিরে গেছেন হাভিয়ের কাবরেরা। ৩০শে এপ্রিল তার চুক্তির আনুষ্ঠানিক মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি ছুটিতে থাকছেন। ২০২২ সালে বাংলাদেশের কোচ হন কাবরেরা। এরপর একে একে কেটে গেছে চারটি বছর। ২০২৩ সালে বাংলাদেশকে সাফের সেমিফাইনালে তুলে অনেক আশা জাগান তিনি। কিন্তু এরপর থেকেই শুরু হয় তার অধপতন। হামজা চৌধুরী, শমিত সোমের মতো ফুটবলাররা আসার পর তার বিদায়ের ডাক দিতে থাকেন সমর্থকেরা। গত বছরের নভেম্বরে ভারতের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও তাকে নিয়ে ক্ষোভ কমেনি। কাবরেরা বাংলাদেশে চার বছর কাজ করলেও তার খেলোয়াড় নির্বাচন, ম্যাচের কৌশলসহ নানা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। ফুটবলসংশ্লিষ্টদের মতে, কাবরেরার আর বাংলাদেশ দলকে দেয়ার কিছু নেই। বাফুফে গতকালের সভায় কাবরেরার অধ্যায় আনুষ্ঠানিক সমাপ্তি না করে আবারও আবেদন এবং সাক্ষাৎকারের সুযোগ রেখেছে। সাক্ষাৎকারপ্রার্থী অন্য কোচদের চেয়ে বাংলাদেশ সম্পর্কে জানাশোনায় কাবরেরাই এগিয়ে থাকবেন। আবারও তাকে এই সুযোগ বা বিবেচনায় রাখা কেন? এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, ‘আমরা তাকে সুযোগ দিচ্ছি না। সে যদি চায় আবেদন করতে পারে। আবেদন করলে নতুন সাক্ষাৎকার প্রক্রিয়া পার হয়েই কোচ নিয়োগ হবে।’ কাবরেরার অধীনে ৩৯ ম্যাচে ১০ জয় পেয়েছে বাংলাদেশ। সমান ১০ ম্যাচে ড্র করলেও হেরেছে ১৯ ম্যাচে। হেড কোচের পাশাপশি গোলরক্ষক কোচ নিতে চায় বাফুফে। সেই কোচটি অনেকটা স্থায়ীভাবে হবে জানিয়ে বাবু বলেন , ‘আমরা হেড কোচের মতো গোলরক্ষক কোচও দুই বছর মেয়াদি নিতে চাই। কোচের মতো গোলরক্ষক কোচও একই প্রক্রিয়ায় নেয়া হবে।’ সাধারণত বাংলাদেশে হেড কোচ যে দেশ থেকে আসেন তিনিই স্বদেশি কাউকে গোলরক্ষক কোচ করেন। এবার বাফুফে ভিন্ন পথে হাঁটতে পারে কি না সেটাই দেখার বিষয়। বিশ্বকাপের আগে জুনের প্রথম সপ্তাহে ফিফা উইন্ডো রয়েছে। এই উইন্ডোতে মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে খেলার প্রস্তাব রয়েছে বাংলাদেশের। গতকাল কমিটির সভা শেষে জুন উইন্ডো নিয়ে বাবু বলেন, ‘আমরা থাইল্যান্ড ও মালদ্বীপ দু’টো নিয়েই কাজ করছি। জুন উইন্ডোতে বাংলাদেশ দল খেলবে এটা নিশ্চিত।’ কাবরেরার চুক্তি ৩০শে এপ্রিল শেষ। নতুন কোচ আসলে এক মাস সময় পাবেন। বাফুফে নীতি নির্ধারকরা কোচের মান ও সম্মানী নিজেদের আওতায় না পেলে জুনেও ক্যাবরেরাকে সাময়িকভাবে রাখতে পারেন এমনটাও ফিসফাস রয়েছে ফুটবলাঙ্গনে।
শেষ হতে যাচ্ছে কাবরেরার চার বছরের অধ্যায়
স্পোর্টস রিপোর্টার
৫ এপ্রিল (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
