রাজসিক প্রত্যাবর্তনে হাজার গোলের আরও কাছে রোনালদো

ফন্ট সাইজ:

হ্যামস্ট্রিং চোটে এক মাসের বেশি সময় মাঠের বাইরে থাকার পর ক্রিস্টিয়ানো রোনালদোর প্রত্যাবর্তনটা হলো রাজার মতোই। সৌদি প্রো লীগের ম্যাচে শুক্রবার আল নাজমার বিপক্ষে ৫-২ গোলে জয় তুলে নিলো আল নাসর। ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা। তাতে ১০০০ গোলের মাইলফলকের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। ক্লাব ও জাতীয় দলের হয়ে এ নিয়ে রোনালদোর গোল হলো ৯৬৭টি। হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে প্রয়োজন আর ৩৩ গোল।
সৌদি প্রো লীগে এটি ছিল রোনালদোর ১০০তম ম্যাচ। মাইলফলকের ম্যাচে ৫৬তম মিনিটে পেনাল্টি থেকে স্কোরশিটে নাম তোলেন পর্তুগিজ মহাতারকা। ৭৩তম মিনিটে ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক ফিনিশিংয়ে নিজের শেষ গোলটি করেন তিনি। এই জোড়া গোলের পর তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা ৯৬৭। ঐতিহাসিক হাজার গোলের মাইলফলক ছুঁতে সিআরসেভেনের প্রয়োজন আর কেবল ৩৩টি গোল। ম্যাচে রোনালদোর পাশাপাশি জোড়া গোল করেন সেনেগাল তারকা সাদিও মানে। এই চোটের কারণেই পর্তুগালের হয়ে আন্তর্জাতিক বিরতিতে দুটি প্রীতি ম্যাচ মিস করেন তিনি। স্পেনে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে পরে পা রাখেন সৌদি আরবে। প্রত্যাবর্তন শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে ৪১ বছর বয়সী রোনালদো লেখেন, ‘ফিরতে পেরে ভালো লাগছে। আমরা একসঙ্গে সামনে এগিয়ে যাব।’ এ জয়ে ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো আল নাসর। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে। চলতি মৌসুমে ২৩ ম্যাচে ২৩ গোল করে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও তিন নম্বরে উঠে এসেছেন রোনালদো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন