চীনের কাছে লড়াই করে হারলো বাংলাদেশ

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ

চীনের কাছে লড়াই করে হারলো বাংলাদেশ

ফন্ট সাইজ:

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে চীনের দেয়াল ভাঙতে পারলো না বাংলাদেশ। তবে লড়াকু ফুটবল উপহার দিলো বাংলাদেশের মেয়েরা। থাইল্যান্ডের নন্থাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ‘এ’-এর ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হারলো বাংলাদেশ। টানা দুই জয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন। আর টানা দুই হারের পরও বাংলাদেশের সামনে কোয়ার্টার ফাইনালে যাওয়ার ক্ষীণ আশা টিকে আছে। প্রথমার্ধে চীনের একের পর এক আক্রমণ বুক চিতিয়ে রুখে দিলেও দ্বিতীয়ার্ধের দুই গোলে হার মানতে হয়েছে অর্পিতা বিশ্বাসের দলকে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চেপে ধরে চীন। একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে তারা। তবে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার চীনের পথে বড় বাধা হয়ে দাঁড়ান। ১৫ মিনিটে লি কে-র হেড লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর থেকেই শুরু হয় মিলির বীরত্বগাথা। শিয়াও ইয়াফেইর দূরপাল্লার শট এবং ওয়াং আইফাংয়ের ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রি-কিক অসাধারণ দক্ষতায় রুখে দেন তিনি। ৪৩ মিনিটে চীনের জেং লু গোল করার সুবর্ণ সুযোগ পেলেও মিলির দৃঢ়তায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়।
বিরতি থেকে ফিরেই আক্রমণের ধার বাড়ায় চীন। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই (৪৭ মিনিট) ডেডলক ভাঙেন চীনের ইউ জিংইউ। জেং ইউজিয়ার পাসে বাংলাদেশের ডিফেন্ডারকে পরাস্ত করে বল জালে জড়ান তিনি। ১-০ তে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক হয়ে পড়ে। ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে চীন। ২৫ গজ দূর থেকে নেয়া ওয়াং-এর দুর্দান্ত ফ্রি-কিক গোলরক্ষক মিলির হাতে লেগে জালে জড়ায়। এতে ২-০ গোলে জয়লাভ করে চীন।
টানা দুই ম্যাচ হারলেও বাংলাদেশের কোয়ার্টারে যাওয়ার স্বপ্ন পুরোপুরি শেষ হয়ে যায়নি। গ্রুপের শেষ ম্যাচে যদি বাংলাদেশ ভিয়েতনামকে বড় ব্যবধানে হারাতে পারে এবং অন্য ম্যাচের ফলাফল পক্ষে থাকে, তবে পরের রাউন্ডে যাবে বাংলাদেশ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন