রদ্রির ক্লাব ছাড়ার গুঞ্জনে স্পষ্টভাষী গার্দিওলা

রদ্রির ক্লাব ছাড়ার গুঞ্জনে স্পষ্টভাষী গার্দিওলা

ফন্ট সাইজ:

ম্যানচেস্টার সিটির মাঝমাঠের গুরুত্বপূর্ণ মুখ রদ্রিকে নিয়ে দলবদলের বাজারে উত্তপ্ত হাওয়া বইছে। স্প্যানিশ মিডফিল্ডার ক’দিন আগে এক সাক্ষাৎকারে রিয়াল মাদ্রিদকে বিশ্বের সেরা ক্লাব আখ্যা দিয়ে জানান, তাদের ‘না বলা অসম্ভব’। রদ্রির এমন মন্তব্যের পর ফুটবল পাড়ায় গুঞ্জন ওঠে, চেলসির এনজো ফার্নান্দেজের মতো তিনিও কি কোচের রোষানলে পড়বেন? তবে পেপ গুয়ার্দিওলা হাঁটলেন ভিন্ন পথে। স্পষ্ট ভাষায় সিটি বস জানালেন, রদ্রি রিয়ালে যেতে চাইলে তাকে তিনি আটকাবেন না।

এফএ কাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অনুমিতভাবেই রদ্রিকে নিয়ে প্রশ্নের মুখে পড়েন গুয়ার্দিওলা। তখন তিনি সাফ জানিয়ে দেন, কোনো খেলোয়াড় অখুশি থাকলে তাকে আটকে রাখার পক্ষপাতী নন তিনি। চেলসি কোচ লিয়াম রোজেনিওর যেখানে রিয়াল নিয়ে মন্তব্য করায় ফার্নান্দেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছেন, সেখানে গুয়ার্দিওলা রদ্রির বাস্তবতাকে মেনে নিয়েছেন। সিটিজেন বস বলেন, ‘রিয়াল মাদ্রিদে খেলার সুযোগ কেউ হাতছাড়া করতে চায় না, এটি সত্য। রদ্রি একজন অবিশ্বাস্য খেলোয়াড় এবং আমার ইচ্ছা, সে যত দিন সম্ভব এই ক্লাবে থাকুক। তবে শেষ পর্যন্ত জীবনটা যার যার, তার তার।’

সিটির হয়ে ৪টি প্রিমিয়ার লীগ ও ১টি চ্যাম্পিয়নস লীগ জেতা ২৯ বছর বয়সী রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ পর্যন্ত। গার্দিওলা ব্যক্তিগতভাবে চান ব্যালন ডি’অর জয়ী এই তারকা ইত্তিহাদেই থেকে যান। তবে শর্ত একটাই, তাকে খুশি থাকতে হবে। গার্দিওলা বলেন, ‘ক্লাব সবকিছুর উপরে। রদ্রি যদি খুশি না থাকে, তবে সে স্পোর্টিং ডিরেক্টরের দরজায় কড়া নাড়তে পারে এবং তার মানের উপযুক্ত প্রস্তাব নিয়ে ক্লাব ছাড়তে পারে।’

২০১৯-এ যোগ দেয়ার পর ২৯৩ ম্যাচে সিটির আস্থার প্রতীক হয়ে ওঠেন রদ্রি। এই মৌসুমেও চোট কাটিয়ে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। গার্দিওলার এই স্পষ্টভাষা রদ্রিকে ইত্তিহাদেই ধরে রাখে নাকি মাদ্রিদের পথে আরও এক ধাপ এগিয়ে দেয়, তা সময় হলেই দেখা যাবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন