জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেলো। গতকাল ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে বাংলাদেশের থেকে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা শ্রীলঙ্কার কাছে ৩-২ গোলে হেরে যায় আশিকুজ্জামানের শিষ্যরা। সর্বশেষ ২০০৬ সালে কলম্বোয় এসএ গেমসে শ্রীলঙ্কার কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। এ হারে এশিয়ান গেমস হকির মূলপর্বে খেলার পথ কিছুটা কঠিন হলো লাল-সবুজ প্রতিনিধিদের। নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভ সূচনা করে বাংলাদেশ। মূলপর্বে খেলার আশা জিইয়ে রাখতে ৬ই এপ্রিল বাছাইপর্বে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে হবে। যারা নিজেদের দ্বিতীয় ম্যাচে চাইনিজ তাইপেকে ৮-০ গোলে হারায়। গোল ব্যবধানে এগিয়ে থাকায় পুল ‘বি’-তে দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে বাংলাদেশ। তাই শেষ ম্যাচে ড্র হলে বাংলাদেশকে টপকে সেমিফাইনালে চলে যাবে উজবেকিস্তান। আর দুই ম্যাচে শতভাগ জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে শ্রীলঙ্কা। চাইনিজ তাইপের বিপক্ষে রক্ষণের গা ছাড়া মনোভাবে শেষ দেড় মিনিটে দুই গোল হজম করে বাংলাদেশ। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শুরু থেকে সেই দুর্বলতা দেখা গেছে। বিশেষ করে শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়া সোহানুর রহমান সবুজের অনুপস্থিতি বাংলাদেশ দলকে বেশ ভুগিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া ছয় পেনাল্টি কর্নারের একটি কাজে লাগাতে পারে বাংলাদেশ। ম্যাচের ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে এগিয়ে যায় শ্রীলঙ্কাকে লিড এনে দেন সেরান বোথলে। ১৩ মিনিটের মাথায় পেনাল্টি স্ট্রোক থেকে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। এটি চলতি বাছাইপর্বে আশরাফুলের তৃতীয় গোল। ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে শ্রীলঙ্কা। ১৬ মিনিটের সময় ফিল্ড গোলে ম্যাচে শ্রীলঙ্কাকে দ্বিতীয়বার লিড এনে দেন কুশল উইরাপ্পুলি। ২-১ গোলে এগিয়ে থেকে দ্বিতীয় কোয়ার্টার শেষ করে শ্রীলঙ্কা। তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আদায় করে নেয় দুটি পেনাল্টি কর্নার। কিন্তু ফিনিশিং এর অভাবে এ কোয়ার্টারে সমতা ফেরাতে পারেননি রাব্বিরা। চতুর্থ কোয়ার্টারের শুরুতে ৪৯মিনিটের সময় আবার গোল হজম করে বাংলাদেশ। শ্রীলঙ্কার পক্ষে তৃতীয় গোলটি করেন সুরেশ রত্নায়েকে। গোল হজমের পরে পেনাল্টিট কর্নার থেকে বাংলাদেশের পক্ষে এক গোল শোধ দেন আমিরুল ইসলাম।
হারের কারণ জানিয়ে দলের হেড কোচ আশিকুজ্জামান বলেন, ‘আজ আমাদের ডিপ ডিফেন্সে যে ছিল সে তার প্রতিপক্ষকে (ম্যান) ঠিকমতো মার্ক করেনি। পাশাপাশি লেফট মিডফিল্ডও সঠিকভাবে খেলতে পারেনি। এটি ডিফেন্সের ওপর চাপ তৈরি করেছে। ম্যাচ হারার দায়ভার আমি নিজের কাঁধে নিচ্ছি।’ শ্রীলঙ্কার কাছে হারলেও সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী বাংলাদেশ কোচ। দুই দিনের বিরতিতে নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করে উজবেকিস্তানকে হারানোর লক্ষ্য তার। এ ব্যাপারে আশিকুজ্জামান বলেন, ‘আমরা কোয়ালিফাই করা এবং সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। অবশ্যই কোয়ালিফাই করতে হবে এবং আমরা সেমিফাইনাল খেলবো।’ থাইল্যান্ডে এখন তীব্র গরম। এই কন্ডিশনে টানা দুইদিন ম্যাচ খেললো বাংলাদেশ। গতকাল কুলিং ব্রেক দেয়া হলেও উদ্বোধনী দিনে কোনো দলই এই সুযোগ পায়নি। বাংলাদেশ কোচ বলেন, ‘এখানে ব্যাক-টু-ব্যাক ম্যাচ খেলা খুব কঠিন। অনেক গরম। আশা করি, উজবেকিস্তান ম্যাচের আগে ছেলেরা মানিয়ে নিবে।’ বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে থাইল্যান্ডের কন্ডিশনে মিল থাকলেও উজবেকিস্তান প্রতিকূল কন্ডিশনে এসেও দারুণ খেলছে। লড়াই শেষে শ্রীলঙ্কার কাছে ৩-১ গোলে হারের পর চাইনিজ তাইপের বিপক্ষে বিশাল ব্যবধানে জয় কুড়ায়। বাছাইপর্বে খেলা ৯ দল থেকে সেরা ৬ দল পাবে এশিয়ান গেমসের মূলপর্ব খেলার টিকিট। স্বাগতিক জাপান ও ২০২২ এশিয়ান গেমসের সেরা পাঁচ দলসহ মোট ১২ দল নিয়ে এ বছরের সেপ্টেম্বরে হবে এশিয়ান গেমসের মূলপর্ব। যেখানে এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে বাংলাদেশ।
এশিয়ান গেমস হকি বাছাইপর্ব
২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
স্পোর্টস রিপোর্টার
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
