বাংলাদেশ ও ভারতের মধ্যকার ক্রিকেটীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং পরবর্তীতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে দুই দেশের বোর্ডের মধ্যে যে অদৃশ্যমান দূরত্ব তৈরি হয়, তা দূর করতে উদ্যোগী হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতীয় সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়নে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি দিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, দেশে নতুন সরকার গঠনের পর বিসিবি এখন বাস্তবমুখী অবস্থানে ফিরতে চাইছে। বিসিসিআইকে পাঠানো চিঠিতে বিসিবি তিনটি বিষয়কে গুরুত্ব দিয়েছে। আইসিসি’র ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) অনুযায়ী ২০২৫ সালে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল বিসিসিআই। বিসিবি সেই সিরিজটি পুনরায় চালুর প্রস্তাব দিয়েছে। আগামী বছর ভারতের সম্ভাব্য বাংলাদেশ সফর ও এশিয়া কাপ নিয়ে পুনরায় আলোচনায় বসতে চায় বিসিবি। এ ব্যাপারে বিসিসিআই এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। ভারতীয় বোর্ড জানিয়েছে, দ্বিপাক্ষিক সিরিজ বা সফরের ভেন্যু চূড়ান্ত করার বিষয়টি সম্পূর্ণভাবে ভারত সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। সরকারের সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না দেশটির ক্রিকেট বোর্ড।
কয়েকদিন ধরে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে বরফ গলার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দুই দিন আগে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’-এ দেয়া এক সাক্ষাৎকারে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চেয়ারম্যান অরুণ ধুমাল টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া ইস্যুতে কথা বলেন। তিনি বলেন, ‘আমি শুধু এটুকুই বলবো যে এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। এর বাইরে আমার কাছে খুব বেশি তথ্য নেই। মাঝেমধ্যে আমাদের চারপাশে কিছু ঘটনা ঘটে যায় এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। তবে আমি নিশ্চিত যে শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে।’ আইপিএলের চেয়ারম্যানের এ মন্তব্যের মাধ্যম্যে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যায়। আর একে ইতিবাচক হিসেবে দেখছে বিসিবি। গতকাল মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখসেদুল কামাল বাবু বলেন, ‘আমি মনে করি আমাদের এই মনোভাবকে (ধুমালের মন্তব্য) স্বাগত জানানো উচিত। কারণ খেলাধুলাকে সবসময় খেলা হিসেবেই দেখা উচিত এবং রাজনৈতিক বিষয়গুলোকে এর মধ্যে টেনে আনা উচিত নয়।’ মোখসেদুল কামাল বাবুর আশা অদূর ভবিষ্যতে আবারো বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে দেখা যাবে। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এই আলোচনার মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশের খেলোয়াড়রা আবারো আইপিএলে খেলার সুযোগ পাবেন। আইসিসি এবং বিশ্বের সব ক্রিকেট বোর্ডের সঙ্গেই আমাদের সুসম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করে চলছি।’ গত ডিসেম্বরের নিলামে ৯.৫ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণ দেখিয়ে জানুয়ারির শুরুতে বিসিসিআইয়ের নির্দেশে তাকে রিলিজ করে দেয় কেকেআর। এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয় এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার ঘোষণা দেয় বিসিবি।
ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদন
সম্পর্ক উন্নয়নে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি বিসিবি’র
স্পোর্টস রিপোর্টার
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
