কক্সবাজারের টেকনাফে প্রায় ১১৮ কোটি ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার উপজেলার বাহারছড়া ইউনিয়নে শামলাপুর বাজারে এক যৌথ অভিযানে এসব জাল জব্দ করা হয়। শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে জাল ব্যবসায়ীরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ?অভিযান চলাকালীন ওই এলাকার দুটি গুদামে তল্লাশি চালিয়ে ৬০ লাখ মিটার অবৈধ চরঘেরা জাল, ৪০ লাখ মিটার কারেন্ট জাল এবং ২০টি বেহুন্দি জাল জব্দ করা হয়। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১১৮ কোটি ১০ লাখ টাকা। পরবর্তীতে জব্দকৃত সকল অবৈধ জাল টেকনাফ উপজেলা মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে যথাযথ নিয়ম মেনে বিনষ্ট করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান- দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
টেকনাফে ১১৮ কোটি টাকার অবৈধ জাল জব্দ
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
