সিটি-লিভারপুল দ্বৈরথে আলোচনায় সালাহ

সিটি-লিভারপুল দ্বৈরথে আলোচনায় সালাহ

ফন্ট সাইজ:

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি ইংলিশ ফুটবলের অন্যতম দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। ইত্তিহাদ স্টেডিয়ামে বিকাল ৫টা ৪৫ মিনিটে শুরু হবে হাইভোল্টেজ ম্যাচটি। আজকের ম্যাচটি অলরেডদের জন্য চলতি মৌসুমের ভাগ্যনির্ধারক হতে পারে। ইংলিশ প্রিমিয়ার লীগ টেবিলের পঞ্চম স্থানে থাকা আর্নে স্লটের দলের জন্য এখন এফএ কাপ ও উয়েফা চ্যাম্পিয়ন্স লীগই আশা। লিভারপুল সমর্থকদের জন্য ম্যাচটি আবেগের। অ্যানফিল্ডে নয় মৌসুম কাটানোর পর বিদায়ের ঘোষণা দিয়েছেন মোহাম্মদ সালাহ। মৌসুম শেষ করেই ক্লাব ছাড়বেন মিশরীয় রাজা। অলরেডদের হয়ে এখন পর্যন্ত ২৫৫ গোল করা এ ফরোয়ার্ডকে নিয়ে কোচ স্লট বলেন, ‘সে ক্লাব ছাড়বে একজন কিংবদন্তি হিসেবেই। তবে আমরা চাই শেষ কয়েক মাসে বিশেষ কিছু জিতে তার এই যাত্রাকে আরও স্মরণীয় করতে।’ সেই বিশেষ কিছু জয়ের লক্ষ্যে চোট কাটিয়ে আজ মাঠে ফেরার সম্ভাবনা আছে সালাহর। এ ম্যাচে ডাগআউটে থাকবেন না ম্যান সিটি কোচ পেপ গার্দিওলা। নিউক্যাসলের বিপক্ষে গত রাউন্ডে ষষ্ঠ হলুদ কার্ড পাওয়ায় এই ম্যাচে নিষিদ্ধ তিনি। গুঞ্জন রয়েছে, সিটিজেনদের সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর থাকলেও, এ মৌসুম শেষেই ক্লাব ছাড়তে পারেন তিনি। চোটের কারণে থাকছেন না সিটি ডিফেন্ডার ইয়োস্কো ভার্দিওল। সংশয় রয়েছে রুবেন দিয়াজ ও জন স্টোনসের খেলা নিয়েও। গোলপোস্টের নিচে জিয়ানলুইজি দোন্নারুম্মার বদলে দেখা যেতে পারে জেমস ট্র্যাফোর্ডকে। অলরেড শিবিরে সালাহ ফিরলেও, কনর ব্র্যাডলি ও ওয়াতারু এন্দো চোটের কারণে মাঠের বাইরে। গোলকিপার আলিসন বেকারকে নিয়েও অনিশ্চয়তা রয়েছে। রাইটব্যাকে জেরেমি ফ্রিম্পংয়ের জায়গায় দেখা যেতে পারে ডমিনিক সোবোসলাইকে। পরিসংখ্যান বলছে, দু’দলের ২২০ বারের দেখায় ১১০ বার জিতেছে লিভারপুল এবং সিটির জয় ৬২ ম্যাচে। তবে সবশেষ দেখায় আর্লিং ব্রুট হালান্দের শেষ মুহূর্তের পেনাল্টিতে ২-১ গোলে জয় পায় সিটি। এ ম্যাচের পর আগামী ১০ দিনের মধ্যে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টারে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে অলরেডদের জন্য।
স্ট্যামফোর্ড ব্রিজে পোর্ট ভেলের রূপকথা
ইএফএল লীগ ওয়ান বা ইংলিশ ফুটবলের তৃতীয় সারির তলানিতে থাকা পোর্ট ভেল আপাতত রেলিগেশনের দ্বারপ্রান্তে। এমন সময়ে তাদের সামনে প্রস্তুত এক রোমাঞ্চকর মঞ্চ। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে আজ চেলসির মাঠে নামছে ১৯৫৩-৫৪ মৌসুমের পর প্রথমবারের মতো শেষ আটে ওঠা দলটি। প্রায় ৬০০০ সমর্থক ক্লাবটির সঙ্গে স্ট্যামফোর্ড ব্রিজে সফর করবে এক দুর্ভেদ্য স্বপ্ন নিয়ে। ১৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা পোর্ট ভেলের লীগ পারফরম্যান্স হতাশাজনক। টানা হারের বৃত্তে থাকা দলটি রেলিগেশন থেকে ১৪ পয়েন্ট দূরে। কোচ জন ব্রাডি আগেই স্বীকার করেছেন যে, দলের ধারাবাহিকতাহীনতা তাকে ভাবিয়ে তুলছে। তবে বার্সলেমের স্থানীয় মানুষদের কাছে আজকের ম্যাচটি কেবল ফুটবল নয়, বরং তাদের অস্তিত্বের লড়াই।
ক্লাব সভাপতি ও জনপ্রিয় গায়ক রবি উইলিয়ামস থেকে শুরু করে সাধারণ ভক্ত, সবার চোখ এখন এই ‘মানি-স্পিনিং’ টাইয়ের দিকে। আর্থিক সংকটে থাকা ক্লাবটি এফএ কাপ যাত্রা থেকে ইতিমধ্যে বড় অংকের প্রাইজমানি পেয়েছে। আজ চেলসিকে হারাতে পারলে তৃতীয় স্তরের দল হিসেবে সেমিফাইনালে ওঠার নতুন ইতিহাস গড়বে পোর্ট ভেল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন