রটনা সত্যি হলে বিশ্বকাপে খেলা হচ্ছে না নেইমার জুনিয়রের! ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি তার ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড প্রায় গুছিয়ে ফেলেছেন। সেখানে সবচেয়ে বড় চমক হিসেবে বাদ পড়েছেন ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা নেইমার!
ইএসপিএন-এর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলোত্তি ইতিমধ্যে ২৪ জন খেলোয়াড়কে নিশ্চিত করে ফেলেছেন। সেই তালিকায় নেইমার অনুপস্থিত। সেলেসাও বস ও ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) অবস্থান শুরু থেকেই পরিষ্কার ছিল। জাতীয় দলে ফিরতে হলে নেইমারকে শতভাগ ফিট হতে হবে। তবে মাংসপেশির চোট ও ম্যাচ ফিটনেসের অভাবে সান্তোসের এই আইকনিক ফরোয়ার্ডকে ছাড়াই উত্তর আমেরিকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আনচেলোত্তি। ২০২৩-এর অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে সেই হাঁটুর সেই ভয়াবহ চোটের পর থেকে নেইমারকে আর হলুদ জার্সিতে দেখা যায়নি। ২০২৫-এর জানুয়ারিতে সৌদি প্রো লীগের ক্লাব আল হিলাল ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে ফিরলেও, চলতি বছর খেলতে পারেন স্রেফ পাঁচটি ম্যাচ। মূলত মাঠের পারফরম্যান্সের চেয়ে চোটই নেইমারের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলার স্বপ্নকে ফিকে করে দিচ্ছে।
আননচেলত্তি এখন কোনো একক তারকার ওপর নির্ভর না করে দলীয় সংহতির ওপর জোর দিচ্ছেন। ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েজরা নেইমারকে দলে চাইলেও কোচ ভরসা রাখছেন তরুণ তুর্কিদের ওপর। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার তথ্যমতে, স্কোয়াডের বাকি দুটি জায়গার জন্য এখন লড়াই চলছে লুকাস পাকেতা, এন্ড্রিক ও ইগর থিয়াগোর মধ্যে। শেষ পর্যন্ত নেইমার বাদ পড়লে সেটি হবে ব্রাজিলের ফুটবল ইতিহাসে একটি বর্ণিল অধ্যায়ের করুণ সমাপ্তি। আগামী ১৮ই মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার কথা রয়েছে আনচেলোত্তির।
এক হলুদ কার্ডে বিশ্বকাপ স্বপ্নে বাধা
সান্তোসের জার্সিতে মাঠে ফিরে দ্যুতি ছড়ান নেইমার। তবে দিনশেষে তাকে মাঠ ছাড়তে হয় একরাশ তিক্ততা নিয়ে। ব্রাজিলিয়ান সিরি আ-তে রেমোর বিপক্ষে ২-০ ব্যবধানের জয়ে দুটি গোলেই অবদান রাখেন এ সেলেসাও মহাতারকা। তবে ম্যাচের শেষদিকে দেখা একটি হলুদ কার্ড সব আনন্দ মাটি করে দেয়। এটি ছিল আসরে নেইমারের তৃতীয় হলুদ কার্ড। ফলে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে পরবর্তী হাইভোল্টেজ ম্যাচ থেকে ছিটকে গেলেন তিনি।
অবশ্য প্রায় সম্পূর্ণ সময় খেলে ফিটনেসের প্রমাণটা দিয়েছেন নেইমার। এরপর রেফারির ওপর ক্ষোভ উগরে দেন তিনি। প্রতিপক্ষের সঙ্গে ধাক্কাধাক্কির জেরে কার্ড পাওয়ায় রেফারি সাভিও পেরেইরাকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘সাভিও এমনই... সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার আচরণ মোটেও সম্মানজনক নয়। কারও কথা শুনতে চায় না, সবখানে আধিপত্য ধরে রাখতে চায়।’
কার্লো আনচেলোত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে যেখানে প্রতিটি ম্যাচই অগ্নিপরীক্ষা, সেখানে আগামীকালের বড় ম্যাচে অনুপস্থিতি নেইমারের জন্য বড় এক ধাক্কা। ম্যাচে গ্যালারি থেকে ভেসে আসা রেমো সমর্থকদের ‘তুমি বিশ্বকাপে যাচ্ছ না’ বিদ্রুপটা যেন বিষাদ হয়েই থাকলো ব্রাজিলিয়ান রাজপুত্রের কানে।
নেইমারকে নিয়ে ব্রাজিল কোচের ‘সিদ্ধান্ত চূড়ান্ত’
স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
