আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় এ বিষয়ে একটি প্রস্তাবে ভোট দিতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। কূটনীতিকদের মতে, শনিবার এই ভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বর্তমানে কাউন্সিলের সভাপতিত্বকারী দেশ বাহরাইন একটি প্রস্তাব উত্থাপন করেছে, যাতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের অনুমোদন চাওয়া হয়েছে।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করেছে চীন। দেশটির জাতিসংঘ দূত ফু কং বলেছেন, এমন অনুমোদন দিলে তা অবৈধ ও নির্বিচারে শক্তি প্রয়োগকে বৈধতা দেবে এবং পরিস্থিতি আরও জটিল ও সংঘাতপূর্ণ হয়ে উঠতে পারে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্মিলিতভাবে ইরানের ওপর হামলা চালানোর পর থেকে এ অঞ্চলে উত্তেজনা তীব্র হয়। এর জেরে হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক তেলবাজারে বড় প্রভাব ফেলেছে। তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
প্রস্তাবটি পাস করতে হলে ১৫ সদস্যের কাউন্সিলের অন্তত ৯টি দেশের সমর্থন এবং স্থায়ী ৫ সদস্য দেশের কোনোটির ভেটো না থাকা প্রয়োজন। তবে চীনের আপত্তির কারণে প্রস্তাবটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। ভেটো প্রদানকারী দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন।
এদিকে আরব লিগ বাহরাইনের এই উদ্যোগকে সমর্থন জানিয়েছে। সংস্থাটির মহাসচিব আহমেদ আবুল গেইত বলেছেন, হরমুজ প্রণালিতে ইরানের কর্মকাণ্ড আন্তর্জাতিক বাণিজ্য ও নিরাপত্তার জন্য হুমকি।
অন্যদিকে, যুক্তরাজ্য ৪০টিরও বেশি দেশের অংশগ্রহণে একটি বৈঠক আয়োজন করে, যেখানে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করার উপায় নিয়ে আলোচনা হয়েছে।

Rafiqulislam
২ মাস আগেহরমুজ প্রনালী নিয়ে জাতিসংঘে প্রস্তাব উত্থাপিত হতে যাচ্ছে। আমেরিকা এবং ইসরায়েল যে ইরানের উপর আগ্রাসন চালিয়েছে সেটার জন্য অনুমোদন নিয়েছে কি?