ঢাকায় দ্বিতীয় দিনের উচ্ছেদ অভিযানে ৫১ জনকে কারাদণ্ড

ফন্ট সাইজ:

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে দুই লাখ ৬১ হাজার টাকা জরিমানা ও ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার দিনব্যাপী দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ফুটপাথ ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি বলেন, ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনের ফুলবাড়িয়া এলাকায় পরিচালিত অভিযানে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ট্রাফিক ওয়ারী বিভাগ সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী জোনে যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তার পাশে অবৈধভাবে স্থাপিত দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

তিনি বলেন, ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা যায়, শাহবাগ জোনে ঢাকা মেডিকেল, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং এলাকা পর্যন্ত ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে পার্কিং করা বাইকের বিরুদ্ধে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়। অন্যদিকে ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা এবং রাস্তা দখলমুক্ত করা হয়। জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।