শাহজালালে বিমানকর্মীর বেল্টে মিললো ২ কোটি টাকার সোনা

শাহজালালে বিমানকর্মীর বেল্টে মিললো ২ কোটি টাকার সোনা

ফন্ট সাইজ:

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি ৫০ গ্রাম সোনাসহ বাংলাদেশ বিমানের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। এ ঘটনায় এক যাত্রীকে আটকও করা হয়েছে। সোনার বাজারমূল্য প্রায় ২ কোটি টাকা। বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বিমানবন্দরের অ্যাভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার অভিযানে তাদের আটক করা হয়।

শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, আটক বিমানকর্মীর নাম ওবায়দুর রহমান। অন্য ব্যক্তি একজন যাত্রী। তার পরিচয় জানানো হয়নি। এনবিআর জানায়, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দর অ্যাভসেকের সহায়তায় ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করে। তার শার্টের পকেট ও কোমরের বেল্ট থেকে টিস্যুতে মোড়ানো নয়টি সোনার বার উদ্ধার করা হয়। এসব সোনার ওজন ১ কেজি ৫ গ্রাম। পরে ওবায়দুরের তথ্যের ভিত্তিতে এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়। তল্লাশির সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের অধীনে কার্যক্রম চলমান রয়েছে।