অর্ধ শতাব্দী পর ফের চাঁদে যাচ্ছে মানুষ

অর্ধ শতাব্দী পর ফের চাঁদে যাচ্ছে মানুষ

ফন্ট সাইজ:

বহু প্রতীক্ষার পর ফের চন্দ্র অভিযানে পা বাড়িয়েছে মানুষ। ১৯৭২ সালের পর এই প্রথম চাঁদে যাচ্ছে চার নভোচারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে এই অভিযান শুরু হবে। বিজ্ঞানীরা জানিয়েছেন আর্টেমি-২ উৎক্ষেপণের প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। এই অভিযানে চার নভোচারীকে চাঁদের চারপাশ ঘুরিয়ে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ চন্দ্রপৃষ্ঠে না নেমেই পৃথিবীতে ফিরে আসবেন নভোচারীরা। খবর আল জাজিরার।
মিশন ব্যবস্থাপনা দলের বৈঠকের পর মহাকাশ গবেষণা সংস্থা নাসা’র সহযোগী প্রশাসক অমিত ক্ষত্রিয় জানান, উৎক্ষেপণের জন্য প্রস্তুত রয়েছে আর্টেমিস-২। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে উৎক্ষেপণের জন্য দুই ঘণ্টার একটি সময়সীমা শুরু হওয়ার কথা। সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী অনুকূল পরিবেশের সম্ভাবনা ৮০ শতাংশ। তবে মেঘের উপস্থিতি ও ঝোড়ো বাতাস উদ্বেগের কারণ হতে পারে। সূর্যাস্তের পর প্রতিদিন দুই ঘণ্টা করে সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত এই সময়সীমা খোলা থাকবে। তবে চাঁদের অবস্থান, কক্ষপথ, আবহাওয়া ও পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সবকিছু নিরাপদভাবে সামঞ্জস্যপূর্ণ হলেই কেবল উৎক্ষেপণ সম্ভব হবে।

মূলত ২০২৬ সালের শুরুর দিকে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও দুটি বড় সমস্যার কারণে তা পিছিয়ে যায়। ফেব্রুয়ারির শুরুতে মহড়া চলাকালে তরল হাইড্রোজেন গ্যাসের লিক ধরা পড়ায় প্রথম প্রচেষ্টা বাতিল করা হয়। এরপর মার্চের শুরুতে দ্বিতীয় প্রচেষ্টাও বাতিল করা হয়, যখন প্রকৌশলীরা রকেটের ওপরের ধাপে হিলিয়াম প্রবাহের সমস্যার সন্ধান পান।

মহাকাশ গবেষণা সংস্থা তাদের নিজস্ব মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে। এর আগে যান সংযোজন ভবন থেকে উৎক্ষেপণ প্যাড পর্যন্ত পুরো প্রস্তুতি ধাপও সরাসরি দেখানো হয়েছে।

৫৪ বছর পর ফের চাঁদের পথে মানুষ: আর্টেমিস প্রোগ্রাম হলো মানুষের আবার চাঁদে ফেরার একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। ১৯৭২ সালের পর প্রথমবার মানুষের চাঁদে ফেরা, সেখানে দীর্ঘমেয়াদি ঘাঁটি স্থাপন ও ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষের অভিযান চালানোর পথ তৈরি করাই এর লক্ষ্য। আর্টেমিস-১ ছিল প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন, যেখানে কোনো মানুষ ছিল না। ২০২২ সালের ১৬ নভেম্বর উৎক্ষেপণ হয়ে ২৫ দিন স্থায়ী এই অভিযানে ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় এবং আর্টেমিস-২-এর জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়। আর্টেমিস-২ হলো এই কর্মসূচির প্রথম মানববাহী অভিযান। আর্টেমিস-১ যেখানে কেবল পরীক্ষামূলকভাবে পুতুল ও বিভিন্ন যন্ত্র বহন করেছিল, সেখানে আর্টেমিস-২ এ প্রথমবার ১৯৭২ সালের পর নভোচারীরা নিম্ন পৃথিবীর কক্ষপথের বাইরে ভ্রমণ করবেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন