ভারতের যোগগুরু রামদেব ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। সংবাদ মাধ্যমে প্রচারিত একটি ভাইরাল ক্লিপে রামদেব বলেছেন, ট্রাম্প এবং নেতানিয়াহু যুদ্ধাপরাধী। আমি তাদের মানবতার বিরুদ্ধে অপরাধী, প্রকৃতি ও পরিবেশের বিরুদ্ধে অপরাধী বলে মনে করি। রামদেব ভারতে একজন বিশিষ্ট হিন্দু আধ্যাত্মিক নেতা এবং আয়ুর্বেদের প্রবক্তা হিসেবে পরিচিত।
একটি সংবাদভিত্তিক শো-তে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ভারতের কি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ানো উচিত, নাকি সর্বোচ্চ নেতা আলি খামেনির পক্ষে দাড়ানো উচিত? এর উত্তরে যোগগুরু রামদেব ইরানের পক্ষে কথা বলেন এবং ট্রাম্প ও নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন। রামদেব বলেছেন, আপনি একজন ব্যক্তিকে হত্যা করতে পারেন, কিন্তু তার আদর্শ ও দর্শন, তার মানসিকতা, তার মনোবল, বা তার শৌর্য ও বীরত্বকে হত্যা করতে পারেন না।
ইরানের পক্ষে তার এই অবস্থান এমন এক সময়ে এসেছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইসরাইলের পক্ষ নেয়ার অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। বিশেষ করে তিনি যুদ্ধ শুরু হওয়ার দুদিন আগে ইসরায়েল সফর করেছিলেন। অথচ মোদিকে রামদেব বছরের পর বছর ধরে সমর্থন করে আসছেন।
