হরমুজ প্রণালি ইস্যুতে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের নিয়ন্ত্রণে থাকা এই জ্বালানি রুটটি উদ্ধারে তেল আমদানিকারক দেশগুলোকে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে যুক্তরাজ্যের কড়া সমালোচনা করেন ট্রাম্প। বলেন, যেসব দেশ হরমুজ প্রণালি বন্ধ থাকায় জেট ফুয়েল পাচ্ছে না তাদের উচিত নিজেদেরই পদক্ষেপ নেয়া। পোস্টে তিনি দুটি পরামর্শ দেন। প্রথমত, সংশ্লিষ্ট দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কিনতে পারে, কারণ দেশটিতে পর্যাপ্ত মজুত রয়েছে। দ্বিতীয়ত, দেরিতে হলেও সাহস দেখিয়ে হরমুজ প্রণালিতে গিয়ে নিজেদের স্বার্থ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
যুক্তরাজ্যকে লক্ষ্য করে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে তারা যুক্তরাষ্ট্রকে সহায়তা করেনি। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র আর আগের মতো অন্য দেশগুলোর হয়ে এগিয়ে আসবে না এবং দেশগুলোকে নিজেদের জন্য লড়াই করতে শিখতে হবে।
ট্রাম্প দাবি করেন, ইরান ইতিমধ্যে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে এবং পরিস্থিতির ‘কঠিন অংশ শেষ’ হয়েছে। ফলে তেল আমদানিকারক দেশগুলো চাইলে এখন নিজেরাই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে পারে বলে মন্তব্য করেন তিনি।
সূত্র: ফক্স নিউজ।

Naaz Islam
২ মাস আগেট্রাম্প সাহেবের এই ধরণের ভলেটাইল বক্তব্য বিশ্বাস করা বোকামি !!