ইরানে হামলায় জড়িত যুক্তরাষ্ট্রের সামরিক বিমানের জন্য স্পেন তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মার্গারিতা রব্লেস সোমবার এ তথ্য জানিয়েছেন। এর আগে স্পেন যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতিও প্রত্যাখ্যান করে।
মার্গারিতা মাদ্রিদে সাংবাদিকদের বলেন, ইরান যুদ্ধসংক্রান্ত কোনো কার্যক্রমের জন্য আমরা সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিচ্ছি না। একইভাবে আকাশসীমা ব্যবহারের অনুমতিও দিচ্ছি না। সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এ খবর প্রকাশ করেছে স্পেনের পত্রিকা এল পাইস।
আকাশসীমা বন্ধের ফলে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সামরিক বিমানগুলোকে ন্যাটো সদস্য স্পেনকে এড়িয়ে যেতে হবে। তবে জরুরি পরিস্থিতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে এল পাইস জানিয়েছে। স্পেনের অর্থমন্ত্রী কার্লোস কুয়ের্পো রেডিও ক্যাডেনা সের’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সিদ্ধান্ত স্পেন সরকারের আগের অবস্থানেরই অংশ, যেখানে আমরা এমন একটি যুদ্ধে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা একতরফাভাবে শুরু হয়েছে এবং আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে হামলার অন্যতম কঠোর সমালোচক। তিনি এসব হামলাকে ‘অবিবেচক’ এবং ‘অবৈধ’ বলে অভিহিত করেন।
