দুবাই উপকূলে ট্যাংকারে ইরানের হামলা, জ্বলছে দাউ দাউ

৬ই এপ্রিলের মধ্যে চুক্তির আশা ট্রাম্পের

দুবাই উপকূলে ট্যাংকারে ইরানের হামলা, জ্বলছে দাউ দাউ

ফন্ট সাইজ:

ইরানের হামলায় দুবাই উপকূলে অপরিশোধিত তেলবোঝাই একটি ট্যাংকার জ্বলছে দাউ দাউ করে। ওদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সোমবার দিবাগত রাতে একটি বিকট বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছেন তার ট্রুথ সোশ্যালে। বলেছেন, ইরানের একটি পারমাণবিক স্থাপনায় এই হামলা হয়েছে। ট্রাম্প সতর্ক করে বলেছেন, যদি ইরান হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে যুক্তরাষ্ট্র ইরানের জ্বালানি স্থাপনা ও তেলক্ষেত্র সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এরই মধ্যে আগামী ৬ই এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চান ট্রাম্প। এ কথা জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, কুয়েতের পতাকাবাহী আল সালমি ট্যাংকারে সোমবারের হামলাটি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান আক্রমণের পর থেকে উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ধারাবাহিক হামলার সর্বশেষ ঘটনা। এক মাসব্যাপী এই সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষের প্রাণহানি ঘটিয়েছে। জ্বালানি সরবরাহ ব্যাহত করেছে এবং বৈশ্বিক অর্থনীতিকে বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিয়েছে। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ট্যাংকারে হামলার খবর প্রকাশ করার পর অপরিশোধিত তেলের দাম আবারও সাময়িকভাবে বেড়ে যায়। জাহাজটি প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করতে সক্ষম। এর বর্তমান বাজারমূল্য ২০ কোটি ডলারের বেশি। জাহাজটির মালিক কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, ক্ষয়ক্ষতি মূল্যায়নের কাজ চলছে এবং পুরো অঞ্চলজুড়ে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

পরে দুবাই কর্তৃপক্ষ জানায়, ড্রোন হামলার পর জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ব্যয় বেড়ে যাচ্ছে। এটি ডনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির জন্য রাজনৈতিক চাপ তৈরি করছে। বিশেষ করে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে এই চাপ তীব্র হচ্ছে। কারণ, তারা জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মূল্য নির্ধারণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডির তথ্য অনুযায়ী, সোমবার যুক্তরাষ্ট্রে গ্যাসোলিনের গড় খুচরা মূল্য তিন বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে। বৈশ্বিক সরবরাহ সংকুচিত হওয়ায় যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১০১ ডলারের ওপরে উঠেছে।

আলোচনা চললেও সেনা মোতায়েন বাড়ছে

ওদিকে উভয় পক্ষের হামলার কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং বৃহত্তর সংঘাতের আশঙ্কা বাড়ছে। ইরা সমর্থিত হুতি গোষ্ঠী সাম্প্রতিক দিনে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে এই যুদ্ধে যুক্ত হয়েছে। তুরস্ক জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল, যা ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) জানিয়েছে, ইরানের এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধির গতিপথকে বাধাগ্রস্ত করেছে। ইসরাইল তেহরানে সামরিক স্থাপনা এবং বৈরুতে ইরান সমর্থিত হিজবুল্লাহর অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ফলে লেবাননের রাজধানীর আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় ইন্দোনেশিয়ার তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছাতে শুরু করেছে বলে সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন। এটি এমন এক শক্তিবৃদ্ধি, যা ডনাল্ড ট্রাম্পকে ইরানের ভেতরে সেনা মোতায়েনের বিকল্পও দিতে পারে। যদিও একই সঙ্গে তিনি তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, ট্রাম্প ৬ এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে চান। এর আগে তিনি ইরানকে হরমুজ প্রণালি খুলে দেয়ার জন্য দেয়া আগের সময়সীমা বাড়িয়েছিলেন। হরমুজ প্রণালি একটি সংকীর্ণ জলপথ, যার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন