নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

নওগাঁয় ফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর, প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ফন্ট সাইজ:

নওগাঁ-৫ (সদর) আসনের কাটখইর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দেয়ায় ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে ভোটগ্রহণের জন্য ওই কেন্দ্রে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভোটগ্রহণ চলাকালেই নির্ধারিত ফলাফল শিটে প্রিজাইডিং কর্মকর্তা নিজের স্বাক্ষর ও পদবি সম্বলিত সিল দিয়ে রাখেন। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হওয়ার পর পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা সম্পন্ন করে ফলাফল শিট পূরণ ও স্বাক্ষর করার কথা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ভোটগ্রহণ শেষে ফলাফল প্রস্তুত করতে সময় লাগে এবং কখনো সময় সংকট দেখা দিতে পারে। কাজের সুবিধার্থে ও সময় সাশ্রয়ের চিন্তা থেকে তিনি আগেই স্বাক্ষর করে রেখেছেন। তবে এটি নিয়মসম্মত কিনা, সে বিষয়ে নিশ্চিত নন বলেও জানান তিনি।
এ বিষয়ে নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন বলেন, ভোট গণনার আগে ফলাফল শিটে স্বাক্ষর করার কোনো বিধান নেই। প্রাথমিকভাবে ওই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করে নতুন প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। ফলাফল ঘোষণার আগে কেন স্বাক্ষর করেছেন যাচাই-বাছাইয়ের পর বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত নাজিম উদ্দীন নওগাঁ সড়ক ও জনপদ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।





কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন