ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এনরাহিম জোলফাকারি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে স্থল আক্রমণ চালায় বা দেশটির ভূখণ্ড দখলের চেষ্টা করে, তবে তা ভয়াবহ পরিণতির দিকে যাবে। এমনকি মার্কিন সৈন্যরা পারস্য উপসাগরে হাঙরের খাবার হয়ে যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার দেয়া এক বিবৃতিতে এনরাহিম যুক্তরাষ্ট্রকে এই ধরনের যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে সতর্ক করেন। তিনি বলেন, এমন কোনো আক্রমণ মার্কিন বাহিনীর জন্য কঠোর ও অপমানজনক পরিণতি ডেকে আনবে।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বারবার ইরানে স্থল অভিযান ও পারস্য উপসাগরের দ্বীপগুলো দখলের হুমকিকে অবাস্তব বলে উল্লেখ করেন। তার দাবি, এসব পরিকল্পনা বাইরের চাপের প্রভাবে নেয়া হয়েছে এবং এতে মার্কিন নেতৃত্বের অবস্থান অসঙ্গত ও অবিশ্বাসযোগ্য হয়ে উঠেছে।
জোলফাকারি আরও বলেন, যুক্তরাষ্ট্র এমন এক সামরিক নেতৃত্বের হাতে কমান্ড দিয়েছে, যার সিদ্ধান্তগুলো মার্কিন বাহিনীকে মরণ ফাঁদে ফেলে দিয়েছে। তার মতে, অঞ্চলে অবস্থানরত মার্কিন সেনারা প্রতিনিয়ত গুরুতর হুমকির মুখে রয়েছে।
তিনি দাবি করেন, মার্কিন বাহিনী ধ্বংসপ্রাপ্ত ঘাঁটি ছেড়ে বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় আশ্রয় নিয়েছে, তবুও তারা হামলার ঝুঁকিতে রয়েছে।
সম্ভাব্য স্থল আক্রমণের প্রসঙ্গে তিনি বলেন, ইরানি বাহিনী দীর্ঘদিন ধরেই প্রস্তুত এবং যেকোনো আক্রমণের জবাব দিতে অপেক্ষা করছে। তিনি সতর্ক করেন, আগ্রাসনের ফলে আক্রমণকারী বাহিনী ধ্বংস, আটক বা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে।
তিনি যুক্তরাষ্ট্রের নেতাদের ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান এবং ভুল সিদ্ধান্তের কারণে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি সম্পর্কে সতর্ক করেন। শেষে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং যেকোনো বাস্তব আগ্রাসনের জবাব দৃঢ়ভাবে দেয়া হবে।

Md. Abdul Wadud
২ মাস আগেBrave decision .