চট্টগ্রামের ভোটকেন্দ্রে নারীদের উপচে পড়া ভিড়, হিন্দু ভোটারদেরও উল্লেখযোগ্য উপস্থিতি

ফন্ট সাইজ:

দীর্ঘ ১৭ বছর ধরে আওয়ামী লীগ শাসনের অবসানের পর আজ দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এবারের নির্বাচনে চট্টগ্রামের বেশিরভাগ ভোটকেন্দ্রে লক্ষ্য করা যাচ্ছে নারীদের উল্লেখযোগ্য উপস্থিতি। এছাড়া হিন্দু ভোটারদেরও উপস্থিত উল্লেখযোগ্য লক্ষ্য করা গেছে। আগে নির্বাচনের সময় মানুষজন সংঘর্ষের আশঙ্কায় ভোটকেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকতেন। তবে এবারের নির্বাচনে পরিস্থিতি ভিন্ন। চট্টগ্রামে চলছে উৎসবমুখর ভোট। আর এর ফলে ভোটকেন্দ্রগুলোতেও দেখা যাচ্ছে নারীদের উপচে পড়া ভিড়।

চট্টগ্রাম-১০ ও চট্টগ্রাম-১৩ আসনের একটি কেন্দ্রে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর আগেই সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন ভোটাররা। কেন্দ্রের ভেতরে নির্বাচনি কর্মকর্তারা ব্যালট, বাক্স, সিলগালা, কাগজপত্র যাচাইসহ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করছেন। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের পরই ভোটারদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। ভোট দিতে আসা নারীরা জানান, অনেক বছর পর নিজেরা ভোট দিতে পেরে তারা খুব খুশি। গত ১৭ বছর ভোট দিতে পারেননি বলেও উল্লেখ করেন তারা।

রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুল এর প্রিজাইডিং অফিসার ইশতিয়াক মানবজমিনকে বলেন, ‘শৃঙ্খলা বজায় রেখে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই নারী ভোটারদের উপস্থিতি বেশি এবং এখন পর্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন