রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা অগ্রদূত স্কুল ভোটকেন্দ্রে অসুস্থ হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম- মোঃ আবু সাঈদ সরকার (৫৩)।
বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ও উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবু সাঈদ সরকারের ছেলে ফারহান ইসরাক নিঝুম বলেন, ওই কেন্দ্রে ভোট দিতে গিয়ে পাঁচতলায় ওঠার সময় আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমার বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন।
