বাড্ডা হাই স্কুল কেন্দ্রে ৩ ঘণ্টায় উপস্থিতি ১৪.৬২ শতাংশ

ফন্ট সাইজ:

ঢাকা-১১ আসনের বাড্ডা হাইস্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি তুলনামূলকভাবে শান্ত ও সুশৃঙ্খল। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সকাল ৭টা ৩০ মিনিট থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ।
বাড্ডা হাইস্কুলের প্রিসাইডিং অফিসার দিলীপ কুমার সেন মানবজমিনকে বলেন, গত ৩ ঘণ্টায় ভোট পড়েছে ১৪ দশমিক ৬২ শতাংশ। ভোটের পরিবেশ ভালো আছে। সবাই স্বাচ্ছন্দ্যে ভোট দিচ্ছেন। দুপুর পর আরও ভোট বাড়বে। তখন আবার আপডেট জানাতে পারব।
সকাল থেকে কেন্দ্রটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। ভোটারদের প্রবেশ ও বের হওয়ার পথে তল্লাশি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও ছিল চোখে পড়ার মতো। পুরুষ ও নারী ভোটাররা আলাদা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছেন।
কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা যায়, তারা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তুষ্ট। ওয়াহিদ নামে এক ভোটার বলেন, এবার কেন্দ্রে এসে কোনো ঝামেলা ছাড়াই ভোট দিতে পেরেছি, পরিবেশ ভালো। ভালোই লাগছে। ভোট দিয়ে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হবো।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন