মার্কিন কাগুজে মুদ্রায় প্রথমবারের মতো কোনো বর্তমান প্রেসিডেন্টের স্বাক্ষর যুক্ত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী গ্রীষ্ম থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের স্বাক্ষরযুক্ত নতুন নোট বাজারে আসবে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে নতুনভাবে নকশা করা এই নোটগুলোতে ১৬৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ইউএস ট্রেজারারের স্বাক্ষর বাদ দেয়া হবে। ঐতিহ্যগতভাবে ট্রেজারারের স্বাক্ষর ১৮৬১ সাল থেকে ফেডারেল মুদ্রায় ব্যবহৃত হয়ে আসছিল।
প্রথম দফায় জুন মাসে ট্রাম্প ও অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষরযুক্ত ১০০ ডলারের নোট ছাপানো হবে। পরবর্তী মাসগুলোতে অন্যান্য মূল্যমানের নোটও বাজারে ছাড়া হবে। তবে ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে এগুলো প্রচলনে আসতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।
বর্তমানে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এবং সাবেক ট্রেজারার লিন মালারবার স্বাক্ষরযুক্ত নোটও ছাপানো হচ্ছে।
লিন মালারবা হচ্ছেন শেষ ট্রেজারার, যার স্বাক্ষর যুক্তরাষ্ট্রের ফেডারেল মুদ্রায় ব্যবহৃত হলো। যে ধারাটি ১৮৬১ সাল থেকে অব্যাহত ছিল।
ট্রাম্প প্রশাসন ও তার মিত্রদের পক্ষ থেকে সরকারি ভবন, প্রতিষ্ঠান, কর্মসূচি, যুদ্ধজাহাজ এবং মুদ্রায় প্রেসিডেন্টের নাম ও পরিচয় যুক্ত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। সম্প্রতি একটি ফেডারেল শিল্প পর্ষদ ট্রাম্পের প্রতিকৃতিসহ একটি স্মারক স্বর্ণমুদ্রার নকশাও অনুমোদন করেছে।
অর্থমন্ত্রী বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উদযাপনে এই পদক্ষেপ যথাযথ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রেসিডেন্ট ট্রাম্পের অর্জনকে স্বীকৃতি দেয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তার নামযুক্ত ডলার নোট।
তবে জীবিত ব্যক্তির ছবি মুদ্রায় ব্যবহারের ওপর আইনি নিষেধাজ্ঞা থাকায় প্রচলিত ১ ডলারের ট্রাম্প মুদ্রা চালুর উদ্যোগ পিছিয়ে গেছে।
ফেডারেল রিজার্ভ নোটের নকশা পরিবর্তনের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের বিস্তৃত ক্ষমতা থাকলেও কিছু উপাদান অপরিবর্তিত রাখতে হয়, যেমন ‘ইন গড উই ট্রাস্ট’ বাক্যটি। পাশাপাশি, নোটে কেবল মৃত ব্যক্তিদের প্রতিকৃতি ব্যবহার করার অনুমতি রয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, নোটের সামগ্রিক নকশা অপরিবর্তিত থাকবে, কেবল ট্রেজারারের স্বাক্ষরের জায়গায় ট্রাম্পের স্বাক্ষর যুক্ত হবে। তবে নতুন ১০০ ডলারের নোটের কোনো নমুনা এখনো প্রকাশ করা হয়নি।
মার্কিন মুদ্রায় যুক্ত হচ্ছে ট্রাম্পের স্বাক্ষর
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ মাস আগে
২৭ মার্চ (শুক্রবার), ২০২৬, ৯ঃ৪০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
