বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে ইউজিসি’র নির্দেশনা

ফন্ট সাইজ:

দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ, শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় সহায়তা দেয়া এবং ডিজিটাল বৈষম্য হ্রাসে ‘ফ্রি ওয়াই-ফাই’ চালুর অঙ্গীকার করা হয়েছে। তারই অংশ হিসেবে ইউজিসি এ উদ্যোগ নিয়েছে। ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদের সভাপতিত্বে বুধবার ইউজিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউজিসি জানিয়েছে, প্রাথমিকভাবে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমনরুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই সুবিধা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা দেবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ অন্যান্য শিক্ষা ও গবেষণা অবকাঠামোতেও এ সুবিধা সম্প্রসারণ করা হবে বলে সভায় জানানো হয়। সভায় ইউজিসি সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীম উদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব, অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসি সচিব মো. ফখরুল ইসলাম, আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুক, হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক আসাদুজ্জামান এবং বিডিরেনের সিইও মোহাম্মদ তৌরিত প্রমুখ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন