ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, ক্রেমলিনের অস্বীকার

ইরানকে ড্রোন সরবরাহ করছে রাশিয়া, ক্রেমলিনের অস্বীকার

ফন্ট সাইজ:

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইরানকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ শুরু করেছে মস্কো। তার মধ্যে রয়েছে ড্রোন। ফাইন্যান্সিয়াল টাইমস’কে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে অনলাইন টেলিগ্রাফ। পশ্চিমা গোয়েন্দা সংস্থার রিপোর্টে জানানো হয়েছে যে, ইরানি ও রাশিয়ান ঊর্ধ্বতন কর্মকর্তারা সংঘাতের মাত্র কয়েক দিন পর ড্রোন সরবরাহ নিয়ে আলোচনা শুরু করেন। সরবরাহের প্রক্রিয়া মার্চের শেষের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

ইরানের অন্যতম ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। ইরানকে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট, লক্ষ্যনির্ধারণ ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে তারা। পাশাপাশি মানবিক সহায়তা দিয়েছে। গত চার সপ্তাহে ইসরাইল এবং উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলায় ৩ হাজারের বেশি ড্রোন ব্যবহার করেছে ইরান। বিশ্লেষকরা জানাচ্ছেন, তেহরান আরও উন্নত রাশিয়ান মডেল চাইছে, যাতে তাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি পায় এবং হামলার কার্যকারিতা বাড়ে। ধারণা করা হচ্ছে যে, রাশিয়া তাদের জিরান-২ ড্রোন সরবরাহ করছে। ইরানের শাহেদ ড্রোনের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এসব ড্রোন। ইরান আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ সহায়তার জন্য সরবরাহ করেছিল শাহেদ ড্রোন। সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের রাশিয়া-ইরান সম্পর্ক বিষয়ক গবেষক প্রফেসর নিকোল গ্রাজেভস্কি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, রাশিয়ানরা শাহেদ ড্রোনগুলোকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। যেমন ইঞ্জিন, নেভিগেশন এবং অ্যান্টি-জ্যামিং ক্ষমতার পরিবর্তন। এই সিস্টেমগুলো ইতিমধ্যেই ইরানের ঘরোয়া উৎপাদিত ড্রোনের চেয়ে উন্নত।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে এই রিপোর্ট অস্বীকার করে বলেছেন, এ মুহূর্তে প্রচুর ভুয়া খবর ঘুরছে। একটিই সত্য যে, আমরা ইরানি নেতৃত্বের সঙ্গে আমাদের সংলাপ অব্যাহত রাখছি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন