সূর্যের আলোয় বদলে যাওয়া এক দেশের নীরব জ্বালানি বিপ্লব

সূর্যের আলোয় বদলে যাওয়া এক দেশের নীরব জ্বালানি বিপ্লব

ফন্ট সাইজ:

লাহোর শহরের দিকে তাকালে এখন নতুন এক দৃশ্য চোখে পড়ে।
ছাদের পর ছাদ জুড়ে সৌর প্যানেল-যেন শহরটা সূর্যের আলো ধরে রাখার এক বিশাল আয়না হয়ে উঠেছে।
এটা কোনো বড় সরকারি প্রকল্পের গল্প নয়।
এটা সাধারণ মানুষের গল্প-যারা বিদ্যুৎ সংকট, বাড়তি বিল আর অনিশ্চয়তার বিরুদ্ধে নিজেরাই পথ খুঁজে নিয়েছে।

সংকটের আঁধার, আলোর খোঁজ: মধ্যপ্রাচ্যে যুদ্ধ, বিশেষ করে হরমুজ প্রণালির অস্থিরতা-যেখান দিয়ে পাকিস্তানের অধিকাংশ তেল-গ্যাস আসে-জ্বালানি বাজারে বড় ধাক্কা দিয়েছে। গ্যাসের দাম বেড়েছে, বিদ্যুৎ সরবরাহ হয়েছে অনিয়মিত।
এই চাপেই মানুষ বিকল্প খুঁজেছে-আর সেই বিকল্প এসে দাঁড়িয়েছে ঘরের ছাদে।
সৌর প্যানেলের দাম কমে যাওয়া, সহজলভ্য প্রযুক্তি আর কিছু সরকারি সুবিধা-সব মিলিয়ে শুরু হয়েছে এক নীরব বিপ্লব।

ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন: পাকিস্তানে সৌরশক্তির এই উত্থান যেন হঠাৎই। মাত্র কয়েক বছরের ব্যবধানে সৌর বিদ্যুৎ উৎপাদন কয়েকগুণ বেড়ে এখন জাতীয় বিদ্যুতের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে বসেছে। দিনের বেলায় অনেক এলাকায় গ্যাসভিত্তিক বিদ্যুতের প্রয়োজনই পড়ে না। ঘরের আলো, দোকানের ফ্যান, এমনকি ছোট কারখানাও চলছে নিজের উৎপাদিত বিদ্যুতে।
এই পরিবর্তনের অর্থনৈতিক প্রভাবও বিশাল-
বিদেশ থেকে জ্বালানি আমদানির ওপর চাপ কমে প্রায় ১২ বিলিয়ন ডলার সাশ্রয় হয়েছে।

মানুষের হাতে শক্তি: সবচেয়ে বড় কথা-এই বিপ্লবের চালিকাশক্তি সরকার নয়, মানুষ নিজেই। শহরের ছাদে, গ্রামের খামারে, দোকানের চালায়-সবখানেই ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র। কেউ নিজের চাহিদা মেটাতে, কেউ ব্যবসা চালাতে, আবার কেউ বাড়তি বিদ্যুৎ গ্রিডে বিক্রি করছে। এ যেন বিদ্যুতের গণতন্ত্র- যেখানে উৎপাদকও মানুষ, ভোক্তাও মানুষ।

সংকটকে ঠেকিয়ে রাখা এক ঢাল: মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন তেল-গ্যাস সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে, তখন পাকিস্তানের এই সৌর শক্তিই হয়ে উঠেছে এক ‘রক্ষাকবচ’।
বিশেষজ্ঞদের মতে, এই সৌর বিস্তার না থাকলে জ্বালানি সংকট আরও ভয়াবহ হতে পারতো।

সামনে পথ, কিছু প্রশ্নও: তবে সবটাই মসৃণ নয়।
এই দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দরকার-
আধুনিক বিদ্যুৎ গ্রিড
ব্যাটারি সংরক্ষণ ব্যবস্থা
দীর্ঘমেয়াদি জ্বালানি পরিকল্পনা
কারণ সূর্য ডুবে গেলে বিদ্যুতের চাহিদা থেমে থাকে না।

এক দেশের গল্প, বহু দেশের শিক্ষা: পাকিস্তানের এই অভিজ্ঞতা শুধু একটি দেশের গল্প নয়-এটা এক বড় বার্তা।
জ্বালানি নিরাপত্তা শুধু সরকারের হাতে নয়, মানুষের হাতেও থাকতে পারে।
যখন বিশ্ব জুড়ে যুদ্ধ আর জ্বালানি সংকটের অস্থিরতা, তখন পাকিস্তানের ছাদে ছাদে জ্বলছে এক নতুন আলো-
স্বনির্ভরতার আলো,
বিকল্পের আলো,
ভবিষ্যতের আলো।
সূর্যের দিকে ফিরেই কি বাঁচবে বাংলাদেশ?
গরম এখনো পুরোপুরি নামেনি। তবু দুপুরের রোদে দাঁড়ালে বোঝা যায়-কঠিন সময় সামনে।
বিশ্ব জুড়ে যুদ্ধ, অস্থিরতা, আর জ্বালানি বাজারের টানাপড়েন-সব মিলিয়ে এক অনিশ্চিত বাস্তবতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার ছুঁয়ে ফেলাও এখন আর অসম্ভব নয়।
বাংলাদেশের মতো আমদানিনির্ভর জ্বালানি অর্থনীতির জন্য এর অর্থ সহজ ভাষায়-আরও বেশি বিদ্যুৎ সংকট, আরও বেশি লোডশেডিং, আর তার সরাসরি প্রভাব পড়বে শিল্প, ব্যবসা, কৃষি-সবখানে।

সামনে যে ঝড় আসছে: গ্রীষ্মকাল মানেই বিদ্যুতের চাহিদার বিস্ফোরণ-এসি, সেচ, শিল্প উৎপাদন-সব একসঙ্গে চাপ তৈরি করে।
কিন্তু যদি সেই সময়েই গ্যাস না থাকে, তেল না থাকে? তাহলে বিদ্যুৎ কেন্দ্র থাকবে, কিন্তু চালানোর জ্বালানি থাকবে না।
এই বাস্তবতা ইতিমধ্যেই আমরা দেখেছি-লোডশেডিং শুধু অন্ধকার নয়, এটা কারখানা বন্ধ করে দেয়, ব্যবসা থামিয়ে দেয়, কৃষকের সেচ ব্যাহত করে, আর শেষ পর্যন্ত পুরো অর্থনীতিকে ধীর করে দেয়।
সমাধান কোথায়?
এই সংকটের মধ্যে একটাই প্রশ্ন সামনে আসে-আমরা কী এখনো পুরোপুরি আমদানিনির্ভর জ্বালানির ওপর থাকব?
নাকি বিকল্প খুঁজব?
পৃথিবীর অনেক দেশ, বিশেষ করে পাকিস্তানের সামপ্রতিক অভিজ্ঞতা, একটা পথ দেখাচ্ছে-

“মানুষভিত্তিক সৌর শক্তির বিস্তার”: ছাদে ছাদে বিদ্যুৎ; এক বাস্তবসম্মত পথ
বাংলাদেশে প্রতিদিন যে সূর্য ওঠে, সেটাই আমাদের সবচেয়ে বড়, কিন্তু সবচেয়ে অবহেলিত জ্বালানি উৎস।
ভাবুন, ঢাকার প্রতিটি বাড়ির ছাদে যদি সৌর প্যানেল থাকে প্রতিটি স্কুল, কলেজ, মসজিদ, সরকারি ভবন যদি নিজের বিদ্যুৎ নিজেই তৈরি করে; গ্রামের ঘরে ঘরে ছোট সৌর সিস্টেম যদি চালু হয়; তাহলে দিনে জাতীয় গ্রিডের ওপর চাপ কতোটা কমে যাবে? এটা শুধু পরিবেশবান্ধব উদ্যোগ নয়- এটা অর্থনৈতিক বেঁচে থাকার কৌশল।

“ডিসেন্ট্রালাইজড এনার্জি”: সংকট মোকাবিলার নতুন দর্শন: একটা বড় বিদ্যুৎকেন্দ্র বন্ধ হলে পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়।
কিন্তু যদি হাজার হাজার ছোট উৎস থাকে?
তাহলে কোনো একটি উৎস বন্ধ হলেও পুরো সিস্টেম ভেঙে পড়ে না।
এই ধারণাটাই হলো-
Decentraliæed Solar Energy System:
অর্থাৎ-
বিদ্যুৎ শুধু কেন্দ্র থেকে আসবে না,
মানুষের ঘর থেকেই তৈরি হবে।
এখনই যা করা জরুরি
এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে দ্রুত কিছু পদক্ষেপ দরকার-
১. জাতীয় সৌর জরুরি কর্মসূচি (Solar Emergency Program)
* ৬-১২ মাসের মধ্যে দ্রুত বাস্তবায়নযোগ্য পরিকল্পনা।
২. ছাদভিত্তিক সৌর বাধ্যতামূলক করা
* সব সরকারি ও বেসরকারি ভবনে;
৩. সহজ ঋণ ও ভর্তুকি
* মধ্যবিত্ত ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য
৪. নেট মিটারিং সহজ করা
* বাড়তি বিদ্যুৎ গ্রিডে বিক্রি করার সুযোগ
৫. বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ে দ্রুত পাইলট প্রকল্প
* দ্রুত স্কেলআপ করার জন্য
৬. সৌর প্যানেল ও বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি পণ্যে শুল্কশূন্য করা, আমদানি পর্যায়ে এলসি মার্জিন কমানো। সৌর বিদ্যুৎ সংশ্লিষ্ট পণ্যে ভ্যাট ট্যাক্স অব্যাহতি দেয়া
* দ্রুত আমদানি, সহজলভ্য এবং পণ্যের দাম সুলভ করা
সংকট নাকি সুযোগ?
প্রতিটি বড় সংকটই এক ধরনের সুযোগও তৈরি করে।
বাংলাদেশ এখন সেই মোড়ে দাঁড়িয়ে।
আমরা চাইলে- এই জ্বালানি সংকটকে শুধু দুর্ভোগ হিসেবে দেখবো,
অথবা এটাকে ব্যবহার করবো এক নতুন শক্তি ব্যবস্থার ভিত্তি গড়ার জন্য।

শেষ কথা: সূর্য প্রতিদিন ওঠে-
কোনো আমদানি লাগে না, ডলার লাগে না,
রাজনৈতিক ঝুঁকি নেই।
প্রশ্ন একটাই- আমরা কি সেই আলোকে কাজে লাগাতে প্রস্তুত? কারণ আগামী দিনের লড়াই শুধু বিদ্যুতের জন্য নয়, এটা টিকে থাকার লড়াই।

লেখক: মিডিয়া ব্যক্তিত্ব ও বিশ্লেষক

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন