জমি দখলসহ নানা অভিযোগে দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ

জমি দখলসহ নানা অভিযোগে দুদক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ

ফন্ট সাইজ:

জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ নানা অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক পরিচালকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। বুধবার দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশ নেন এলাকার কয়েকশ’ নারী-পুরুষ। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার দাবি জানান।
অভিযুক্ত আবুল হাসনাত স্থানীয় এডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (পুলিশ সুপার পদমর্যাদা) হিসেবে দায়িত্ব পালন করছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন আবুল হাসনাত ও তার সহযোগীরা। তাদের বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, নির্যাতনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে এলাকাবাসী বলেন, ভয়ে অনেকেই মুখ খুলতে পারেননি। কেউ প্রতিবাদ করলে হুমকি ও হয়রানির শিকার হতে হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এছাড়া অভিযোগে বলা হয়, এলাকার একটি মাঠ দখল করে সেখানে মাছ চাষ করা হচ্ছে। স্থানীয়রা সেখানে যেতে চাইলে বাধার মুখে পড়েন। অভিযুক্তের ভাই ও সহযোগীদের বিরুদ্ধেও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তোলা হয়। এলাকাবাসী দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। তবে অভিযোগ অস্বীকার করে আবুল হাসনাত বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, জমি নিয়ে একটি বিরোধ রয়েছে এবং তা নিয়ে মামলা- মোকদ্দমা চলমান। বিষয়টি নিয়েই হয়তো এ ধরনের কর্মসূচি হয়েছে। কাগজপত্র অনুযায়ী যার জমি, সে-ই পাবে বলেও দাবি করেন তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন