সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ সেলামি দেয়ার কথা বলে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামে এক যুবককে গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে বহিষ্কার করেছে জেলা বিএনপি। সাইফুল ইসলাম ওই উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক। গতকাল বুধবার বিকালে জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের সই করা একটি পত্রে তাকে বহিষ্কার করা হয়। তানভীর মাহমুদ পলাশ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সোহেল রানাকে হত্যায় জড়িত সন্দেহ ও হত্যা মামলায় আসামি হওয়ায় সাইফুল ইসলামকে সকল দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে, গত শুক্রবার চাঁদরাতের পৌনে ৮টার দিকে বিএনপি নেতা সাইফুল ইসলাম ঈদ সালামি দিচ্ছে জানিয়ে একই ইউনিয়নের সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে সোহেল রানাকে সিএনজিচালিত অটোরিকশায় একদল দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। এরপর শনিবার ঈদের দিন দুপুরে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে সোহেল রানার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহতের মা রুবি খাতুন বাদী হয়ে ওই ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলামকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা ও খুদেবার্তা দিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তার ছোট ভাই আসাদুজ্জামান এই হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, তার ভাই এ ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। শত্রুতা করে তার ভাইকে একটি মহল ফাঁসানোর চেষ্টা করছে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মানবজমিনকে বলেন, ওই যুবকের গলায় ধারালো অস্ত্র দিয়ে শ্বাসনালি কেটে হত্যা করা হয়েছে। এমন লোমহর্ষক হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারের জোরালো চেষ্টা করছে তারা।
যুবককে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জে বিএনপি নেতা সাইফুল বহিষ্কার
সিরাজগঞ্জ প্রতিনিধি
২৬ মার্চ (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
