ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সোহাগী ইউনিয়নের সোহাগী বাজার থেকে বাড়ি ফেরার পথে মোহাম্মাদ কাশেমের (৫৫) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আবুল কালাম (৬৫) নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে উপজেলার সোহাগী ইউনিয়নের আতকাপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে কাশেম পলাতক রয়েছে। কাশেম সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে। নিহত ফুফাতো ভাই আবুল কালাম একই ইউনিয়নের মমরেজপুর গ্রামের প্রয়াত ছফির উদ্দিনের ছেলে। কালাম ও কাশেমের বাড়ি পাশাপাশি জায়গায় অবস্থিত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কাশেম ও আবুল কালাম মামাতো-ফুফাতো ভাই। তাদের মাঝে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফেরার পথে আতকাপাড়া নামক স্থানে আবুল কালামকে ছুরিকাঘাত করে কাশেম। পরে কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ হাসপাতালে রেফার করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

আসামি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। এ ছাড়া, এ ব্যাপারে অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন