রংপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেপ্তার

ফন্ট সাইজ:

রংপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এরা হলো- রংপুর নগরীর দক্ষিণ কামারপাড়ার সাজু মিয়ার ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও মাহিগঞ্জ বীরভদ্র বালাটারী গ্রামের মাহমুদ উল্লাহর ছেলে শফিকুল ইসলাম শফিক। মঙ্গলবার পৃথক অভিযান চালিয়ে রংপুর নগরী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন, র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।
তিনি জানান, মাদক মামলায় ২০২০ সালের ৪ঠা আগস্ট আদালত শহিদুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ২০২১ সালের ১৭ই নভেম্বর শফিকুল ইসলামকে আদালত ৬ মাসের কারাদণ্ড দেয়। সাজা ঘোষণার পর থেকে আত্মগোপনে চলে যান আসামিরা। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর লালবাগ খামারপাড়া আলমনগর এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব পলাতক আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করে। অপরদিকে, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় বড় রংপুর এলাকায় অভিযান চালিয়ে অপর পলাতক আসামি শফিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাদের হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও এই ধরনের প্রতিটি হত্যা, ধর্ষণ, মাদক চোরাকারবারসহ সকল অপরাধ প্রতিরোধে র‌্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন