খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি নগরীর লবণচরা থানাধীন রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।
লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. তুহিনুজ্জামান বলেন, সোমবার দুুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াত খেতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায়। সেখানে পরিচিত এক দাদা মাওয়াকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নেয়। মেয়ের ফিরে আসতে দেরি দেখে মা ফোন দেয়।
বিপরিত থেকে তাকে জানানো হয় মাওয়া আইসক্রিম খাচ্ছে। ওর আসতে দেরি হবে। এরপর থেকে পরিচিত ওই দাদার ফোন বন্ধ হয়ে যায়। তিনি আরও জানান, দুপুরের পর থেকে মাওয়াকে ফিরে পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ নিতে থাকে। কিন্তু না পেয়ে বাবা থানায় জিডি করেন। রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা শিশুটিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। লাশের পাশে একটি দড়ি ছিল। সেটি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের স্বার্থে ওই দাদার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
