বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গুরুত্বপূর্ণ একটি বিভাগে রদবদল আনা হয়েছে। বোর্ডের মিডিয়া ও কমিউনিকেশনস কমিটির নতুন চেয়ারম্যান হয়েছেন মোখছেদুল কামাল বাবু। এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন তিনি প্রধান হিসেবে পুরো বিভাগের দায়িত্ব পালন করবেন। এই পদে এতদিন ছিলেন আমজাদ হোসেন। ২০২৫-এর অক্টোবর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। এখন আমজাদের স্থলাভিষিক্ত হলেন বাবু। নতুন দায়িত্বের পাশাপাশি তার কাঁধে পুরোনো দায়িত্বও থাকছে। বিসিবির ওয়েলফেয়ারস কমিটির চেয়ারম্যান হিসেবেও তিনি কাজ চালিয়ে যাবেন। ফলে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্ব দেবেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর নিজের ভবিষ্যৎ লক্ষ্যের কথা জানিয়েছেন এই বিসিবি পরিচালক। আগামী দিনগুলোতে গণমাধ্যমের সাথে সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। এই লক্ষ্য পূরণে তিনি সবার আন্তরিক সহযোগিতা চেয়েছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, সবার সম্মিলিত চেষ্টায় ভালো কিছু করা সম্ভব। ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে মিডিয়া বিভাগকে তিনি নতুন উচ্চতায় নিতে চান। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের দিকনির্দেশনা কামনা করেছেন।
